রাশিয়ায় আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধি মুন্সিগঞ্জের রূপকথা
মুন্সিগঞ্জ, ১৬ মে ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
রাশিয়ায় অনুষ্ঠিতব্য ওপেন ইন্টারন্যাশনাল বায়োলজি অলিম্পিয়াড (OIBO) ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মুন্সিগঞ্জের মেধাবী শিক্ষার্থী রূপকথা রায়। তিনি টংগিবাড়ী উপজেলার নয়ানন্দ গ্রামের বাসিন্দা ও ব্যবসায়ী নবীন কুমার রায়ের মেয়ে।
বর্তমানে তিনি মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের একাদশ শ্রেণিতে অধ্যয়নরত।
১৫ মে শুরু হওয়া এই আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড আগামী ২২ মে পর্যন্ত রাশিয়ায় অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে ইতোমধ্যে রাশিয়ায় অবস্থান করছেন রূপকথা। তার এ সাফল্যে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠানসহ পুরো জেলায় আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে।
রূপকথার বাবা নবীন কুমার রায় জানান, মেয়ের জন্য সবার কাছে দোয়া কামনা করছেন তারা। তিনি বলেন, রূপকথা বর্তমানে রাশিয়ায় রয়েছে। প্রতিযোগিতা শেষে যেন সুস্থভাবে এবং সাফল্যের সঙ্গে দেশে ফিরতে পারে, সে জন্য সকলের আশীর্বাদ ও দোয়া চাই।
শিক্ষাজীবনের শুরু থেকেই রূপকথা রায় মেধা, সৃজনশীলতা ও নেতৃত্বগুণের স্বাক্ষর রেখে চলেছেন। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন অলিম্পিয়াড, সম্মেলন এবং প্রতিযোগিতামূলক আয়োজনে অংশ নিয়ে অর্জন করেছেন একাধিক সম্মাননা।
সম্প্রতি তিনি জাপান ইয়ুথ সামিটে অংশগ্রহণের জন্য পূর্ণ অর্থায়িত স্কলারশিপ লাভ করেন। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের মধ্যে শীর্ষ ৩০ প্রতিনিধির একজন হিসেবে জায়গা করে নেন তিনি।
জানা গেছে, পাঠ্যবইয়ের গণ্ডির বাইরে গবেষণাভিত্তিক সমস্যা সমাধান, জলবায়ু সহনশীলতা এবং তরুণদের উদ্ভাবনী চিন্তাধারা নিয়ে কাজ করতে আগ্রহী রূপকথা। আন্তর্জাতিক বিভিন্ন প্ল্যাটফর্মে বৈজ্ঞানিক অনুসন্ধান ও আন্তঃশাস্ত্রীয় চিন্তার প্রসারে সক্রিয় ভূমিকা রাখছেন তিনি।
বিজ্ঞানচর্চার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও রয়েছে তার উল্লেখযোগ্য সাফল্য। জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতায় শাস্ত্রীয় সংগীত, নজরুল সংগীত, দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তিতে অর্জন করেছেন শীর্ষ সম্মাননা।
নেতৃত্বের ক্ষেত্রেও সমান দক্ষ রূপকথা। তিনি নিজ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদের সভাপতির দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন যুব সংগঠনের সঙ্গে যুক্ত থেকে কাজ করছেন। বিভিন্ন মডেল ইউনাইটেড নেশনস (MUN) সম্মেলনে অংশ নিয়ে পেয়েছেন ‘অসামান্য প্রতিনিধি’ ও ‘সেরা প্রতিনিধি’ পুরস্কার। এখন পর্যন্ত আন্তর্জাতিক পর্যায়ে ৭টিরও বেশি পুরস্কার অর্জন করেছেন তিনি।
রূপকথা রায়ের মা কৃষিবিদ প্রমিতা শিখা রায় বালিগাঁও আমজাদ আলী কলেজের প্রভাষক। বাবা নবীন কুমার রায় একজন সফল ব্যবসায়ী। পরিবারের প্রত্যাশা, আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে দেশের জন্য গৌরব বয়ে আনবেন রূপকথা।





