মুন্সিগঞ্জে কেনার একদিন পরই ডিবি পরিচয়ে অটোতে উঠে ছিনতাইয়ের অভিযোগ
মুন্সিগঞ্জ, ১৬ আগস্ট ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়ায় গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্য পরিচয়ে যাত্রীবেশে অটোরিকশায় উঠে চালককে মারধর করে অটোরিকশা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রিফাত (২২) নামের এক অটোরিকশাচালক সর্বস্ব হারিয়ে অসহায় হয়ে পড়েছেন।
রিফাত গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামের রহিম দেওয়ানের ছেলে।
আজ রোববার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ার আলীপুরা এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার দেড় লাখ টাকা ঋণ করে অটোরিকশাটি কেনেন তিনি। আজ বিকালে চার ব্যক্তি ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে যাত্রীবেশে রিফাতের অটোরিকশায় ওঠেন। পরে তাঁরা বিভিন্ন এলাকায় যাওয়ার কথা বলে অটোরিকশাটি ঘোরাতে থাকেন। একপর্যায়ে আলীপুরা এলাকায় গিয়ে চালককে মারধর করে অটোরিকশা থেকে নামিয়ে দেন তাঁরা। পরে অটোরিকশাটি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
নয়াকান্দি গ্রামের বিল্লাল দেওয়ানসহ স্থানীয় কয়েকজনের অভিযোগ, একটি চক্র পরিকল্পিতভাবে ডিবি পুলিশের পরিচয় ব্যবহার করে অটোরিকশাটি ছিনিয়ে নিয়েছে। পুলিশের পরিচয় ব্যবহার করে এমন ছিনতাইয়ের ঘটনায় এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে বলেও জানান তাঁরা।
এ বিষয়ে গজারিয়া থানার পরিদর্শক (তদন্ত) সাব্বির হোসেন বলেন, অভিযোগ পেলে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।









