মুন্সিগঞ্জে ৬ বছর আগে ডোবায় মরদেহ পাওয়া যুবতীর পরিচয় খুঁজছে পিবিআই
মুন্সিগঞ্জ, ১৬ আগস্ট ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ছয় বছর আগে ডোবা থেকে উদ্ধার করা অজ্ঞাতনামা এক যুবতীর মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। হত্যার ঘটনায় মামলা হলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ওই নারীর পরিচয় খুঁজে বের করতে পারেনি তদন্তকারী সংস্থা। বর্তমানে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মুন্সিগঞ্জ জেলা তদন্ত করছে।
পিবিআই সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৫ নভেম্বর সকাল সাড়ে নয়টার দিকে সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের গোয়ালবাড়ি গ্রামের কুচিয়ামোড়াগামী সড়কের পাশের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা ওই যুবতীর মরদেহ উদ্ধার করা হয়। ডোবায় কচুরিপানার মধ্যে মরদেহটি লুকানো অবস্থায় ছিল।
পুলিশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে ওই নারীর বয়স আনুমানিক ২৫ বছর বলে উল্লেখ করা হয়। তাঁর বাম কান থেকে থুতনির নিচ দিয়ে ডান কান পর্যন্ত গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। এ ছাড়া দুই হাত, পায়ের আঙুল ও গোড়ালিতেও কাটার চিহ্ন পাওয়া যায়।
ঘটনাস্থলের পাশের সড়ক থেকে একজোড়া ছেঁড়া প্লাস্টিকের স্যান্ডেল ও কাদামাটিযুক্ত একটি মাস্ক উদ্ধার করা হয়। নিহত নারীর পরনের কামিজের বুকের অংশ থেকে ১ হাজার ৩৫২ টাকা পাওয়া যায়। তাঁর ডান কানে একটি কানের দুলও ছিল। মরদেহের পাশে কাঠের হাতলযুক্ত প্রায় ১০ ইঞ্চি লম্বা একটি রক্তমাখা ছোরা পাওয়া যায়।
নিহতের পরনে ছিল বেগুনি ও কমলা রঙের প্রিন্টের কামিজ এবং কালো ফুলের ছাপযুক্ত ঘিয়ে রঙের পায়জামা। তাঁর থুতনিতে একটি তিল ছিল।
তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা, ২০২০ সালের ২৪ নভেম্বর সন্ধ্যা ছয়টা থেকে পরদিন সকাল সাড়ে নয়টার মধ্যে কোনো এক সময় ওই নারীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়। পরে মরদেহ গুম করার উদ্দেশ্যে ডোবায় ফেলে রাখা হয়ে থাকতে পারে।
এ ঘটনায় ২০২০ সালের ২৫ নভেম্বর সিরাজদিখান থানায় হত্যা ও মরদেহ গুমের অভিযোগে মামলা করা হয়। মামলার নম্বর ২৫। দণ্ডবিধির ৩০২, ২০১ ও ৩৪ ধারায় মামলাটি করা হয়।
মামলাটি প্রথমে সিরাজদিখান থানা-পুলিশ তদন্ত করে। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মুন্সিগঞ্জ তদন্ত করে। বর্তমানে মামলাটি পিবিআই মুন্সিগঞ্জ জেলা তদন্ত করছে।
তবে ছয় বছরেও নিহত নারীর নাম-পরিচয় শনাক্ত না হওয়ায় তাঁর স্বজনদের সন্ধান পাওয়া যায়নি। পরিচয় শনাক্ত হলে হত্যাকাণ্ডের তদন্তেও গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
পিবিআই মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের পক্ষ থেকে ওই নারীর পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে তা জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
তথ্য দিতে যোগাযোগ করা যাবে পিবিআই মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের ০১৩২০-০২৮৬০৪ নম্বরে।









