মুন্সিগঞ্জে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ, অভিযুক্তের ঘর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার, আটক ১
মুন্সিগঞ্জ, ১৬ মে ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় ১০ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার সৎ মামার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত সৎ মামা রাজা মিয়াকে (৩৫) ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে মরদেহ।
আজ শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি মদিনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার পারভেজ এসব তথ্য নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি ঘটনার দায় স্বীকার করেছেন। মৃতের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
আটককৃত রাজা মিয়া খুলনা জেলার মোড়লগঞ্জ থানার মৃত আকবর হাওলাদারের ছেলে। তিনি গত প্রায় ৬ বছর ধরে নিহত কিশোরীর পরিবারের সাথেই একই বাড়িতে বসবাস করে আসছিলেন।
স্থানীয় ও ভুক্তভোগীর পরিবার জানায়, শনিবার বিকালে শিশুটিকে খোঁজাখুজি করে না পেয়ে রাজা মিয়ার ঘরে গিয়ে দেখা যায় তার খাটের ওপর কিশোরীর নিথর দেহ পড়ে আছে। এরপর পুলিশকে খবর দেয়া হয়।
বিকেল ৪টার দিকে সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ঘটনার সাথে জড়িত সন্দেহে সৎ মামা রাজা মিয়াকে আটক করে।
ঘটনার পর থেকে নিহতের পরিবার ও স্বজনদের কান্নায় পুরো এলাকায় এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী এই জঘন্য অপরাধের সাথে জড়িত রাজা মিয়ার দৃষ্টান্তমূলক ও দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেয়েটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে।মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।





