মুন্সিগঞ্জে বাইসাইকেল নিয়ে কর্মস্থলে যাওয়ার পথে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেছে যুবকের
1

মুন্সিগঞ্জ, ১৮ আগস্ট ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় আবুল কাশেম (৩৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকালে উপজেলার ভবেরচর কলেজ রোড সংলগ্ন ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল কাশেম গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের জৈষ্ঠ্যতলা গ্রামের মৃত আলী আহমদের ছেলে। তিনি ভিটিকান্দি এলাকার জেএমআই ইন্ডাস্ট্রিতে কর্মরত ছিলেন।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে বাইসাইকেল নিয়ে কর্মস্থল জেএমআই ইন্ডাস্ট্রির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন আবুল কাশেম। সকাল পৌনে ৮টার দিকে ভবেরচর কলেজ রোড সংলগ্ন ইউটার্ন এলাকায় পৌঁছালে ঢাকাগামী লেনে একটি কাভার্ডভ্যান তার বাইসাইকেলটিকে ধাক্কা দেয়।

এতে আবুল কাশেম বাইসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাদ করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ৮টার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক পর্যবেক্ষণ শেষে আমরা তাকে মৃত ঘোষণা করি। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।

এ বিষয়ে ভবেরচর হাইওয়ে থানার ওসি শাহ কামাল আখন্দ বলেন, নিহতের লাশ বর্তমানে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ