মুন্সিগঞ্জে ক্ষেতে কাজ করার সময় হিট স্ট্রোকে প্রাণ গেছে বৃদ্ধ কৃষকের
মুন্সিগঞ্জ, ২৮ জুন ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদর উপজেলায় প্রচণ্ড গরমে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে।
আজ রোববার (২৮ জুন) দুপুরে কৃষি জমিতে কাজ করার সময় অসুস্থ হয়ে পড়ার পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
নিহত কৃষকের নাম মোফাজ্জল বেপারী (৭০)। তিনি সদর উপজেলার মহাকালী ইউনিয়নের দক্ষিণ কেওয়ার গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো রোববার দুপুরে মোফাজ্জল বেপারী কৃষি জমিতে কাজ করতে যান। এ সময় তীব্র রোদ ও প্রচণ্ড গরমের মধ্যে কাজ করার একপর্যায়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে সঙ্গে থাকা অন্য চাষিরা তাকে দ্রুত উদ্ধার করে শীতল স্থানে নেওয়ার চেষ্টা করেন। তবে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
সঙ্গে কাজ করা কৃষকরা জানান, দীর্ঘ সময় প্রচণ্ড রোদের মধ্যে কাজ করার কারণে তিনি হিট স্ট্রোক বা সান স্ট্রোকে আক্রান্ত হয়ে থাকতে পারেন।
তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানান, বর্তমানে প্রচণ্ড গরমে মাঠে কাজ করা কৃষক ও শ্রমজীবী মানুষদের স্বাস্থ্যঝুঁকি বেড়েছে। তারা রোদে দীর্ঘক্ষণ কাজ করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।









