মুন্সিগঞ্জে বিএনপি কার্যালয়ে আগুন দিলো বিএনপি নেতারই ছেলে
10

মুন্সিগঞ্জ, ১৩ আগস্ট ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে বালুচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় মনির হোসেন (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি ওই ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলামের ছেলে।

গত মঙ্গলবার (১১ আগস্ট) রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে মনির হোসেন অগ্নিকাণ্ডের ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। পরে বুধবার আদালতে দেওয়া জবানবন্দিতেও তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।

মুন্সিগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য নিশ্চিত করেন।

এ ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারের বরাতে তিনি বলেন, গত ১৭ জুলাই রাতে বালুচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চান্দেরচর লেকু মার্কেট এলাকায় বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে কার্যালয়ের আসবাবপত্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামাল ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনায় ২২ জুলাই যুবদল কর্মী আবদুস সালাম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সিরাজদিখান থানায় মামলা করেন। এরপর অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ।

তদন্তের একপর্যায়ে ২২ জুলাই নাহিদ হাসান (২৩) ও ওসমান গনি (২৪) নামে দুজনকে আটক করে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অগ্নিসংযোগের ঘটনায় মনির হোসেনের সম্পৃক্ততার বিষয়টি সামনে আসে।

পরে মঙ্গলবার রাতে মনির হোসেনকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।

মনির হোসেনের বাবা ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বলেন, ‘কারো ইন্ধনে হয়তো এরকম কাজ করেছে। তবে কী কারণে করেছে, তা পুলিশ বলতে পারবে।’

বালুচর ইউনিয়ন বিএনপির সদস্যসচিব আবুল হোসেন বলেন, ‘কারো ইন্ধনে হয়তোবা এমন কাজটি করেছে। তবে অত্যন্ত দুঃখজনক, রাজনৈতিক কার্যালয় কোনো ব্যক্তিগত বিরোধ মেটানোর জায়গা নয়। ব্যক্তিগত কিংবা ব্যবসায়িক বিরোধ থাকলে তা আইনগতভাবে সমাধান করা উচিত।’

বালুচর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল লতিফ বলেন, ‘ঘটনার বিষয়টি আমি অবগত আছি। তবে বিএনপি নেতার ছেলে হোক বা অন্য কেউ, এই ন্যক্কারজনক ঘটনার জন্য অপরাধীর শাস্তি হওয়া উচিত।’

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ