মুন্সিগঞ্জে ডাবের অতিরিক্ত দামের বিরুদ্ধে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা ১ হাজার
1

মুন্সিগঞ্জ, ৯ আগস্ট ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে ডাবের অতিরিক্ত দাম ও মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানে এক ডাব বিক্রেতাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

একই অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও জিলাপিতে ননফুডগ্রেড রং ব্যবহারের দায়ে একটি মিষ্টির দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ রোববার দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত সদর উপজেলার হাসপাতাল রোড ও মানিকপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে সদর রোড এলাকার আদি মধুবন মিষ্টিমুখ দোকানে গিয়ে দেখা যায়, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও জিলাপি তৈরি করা হচ্ছে। এছাড়া জিলাপিতে ননফুডগ্রেড রং ব্যবহার এবং তৈরি করা জিলাপি উন্মুক্তভাবে সংরক্ষণ ও প্রদর্শন করা হচ্ছিল।

এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটির মালিক সমীর ঘোষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে মুন্সিগঞ্জ সদর হাসপাতালের সামনে বিভিন্ন ডাবের দোকানে মনিটরিং করা হয়। এ সময় ডাব বিক্রেতাদের মূল্য তালিকা প্রদর্শন, ক্রয় রশিদ সংরক্ষণ এবং যৌক্তিক মুনাফায় ডাব বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয় রশিদ সংরক্ষণ না করায় ডাব বিক্রেতা আজিজুল হককে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা ও ব্যাটালিয়ন আনসার মুন্সিগঞ্জের একটি দল।

অভিযান শেষে সহকারী পরিচালক আসিফ আল আজাদ ব্যবসায়ীদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে চলার পাশাপাশি পণ্যের মূল্য তালিকা প্রদর্শন, ক্রয় রশিদ সংরক্ষণ এবং ভোক্তাদের কাছ থেকে যৌক্তিক মূল্য নেওয়ার আহ্বান জানান।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ