এসএসসিতে মুন্সিগঞ্জে প্রথম পঞ্চসার আইডিয়াল, শীর্ষ ২০-এ নেই এভিজেএম-কে.কে
মুন্সিগঞ্জ, ১০ আগস্ট ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে পাশের হারের দিক থেকে মুন্সিগঞ্জ জেলায় সেরা হয়েছে পঞ্চসার আইডিয়েল ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটির শতভাগ পরীক্ষার্থী পাস করেছে।
তবে জেলার পুরোনো ও ঐতিহ্যবাহী দুই শিক্ষাপ্রতিষ্ঠান আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্রমোহন গভর্নমেন্ট গার্লস হাই স্কুল (এভিজেএম) এবং কাজী কমর উদ্দিন সরকারি ইন্সটিটিউট (কে.কে) পাশের হারের ভিত্তিতে প্রকাশিত শীর্ষ ২০ প্রতিষ্ঠানের তালিকায় জায়গা পায়নি।
প্রাপ্ত ফলাফলের তথ্য অনুযায়ী, মুন্সিগঞ্জের ছয় উপজেলায় মোট ১২ হাজার ৭৪০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৯ হাজার ১৪১ জন। জেলায় মোট পাশের হার ৭১ দশমিক ৭৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩৫৫ জন।
পাশের হারে সবার ওপরে পঞ্চসার আইডিয়েল
পাশের হারের ভিত্তিতে প্রকাশিত জেলার শীর্ষ ২০ শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে মুন্সিগঞ্জ সদরের পঞ্চসার আইডিয়েল ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটির ৪২ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। পাশের হার ১০০ শতাংশ। এদের মধ্যে ১০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ। প্রতিষ্ঠানটির ২৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২৪৬ জন পাস করেছে। পাশের হার ৯৮ দশমিক ৮০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪১ জন।
তৃতীয় অবস্থানে রয়েছে লৌহজংয়ের ব্রাহ্মণগাঁও উচ্চবিদ্যালয়। এ প্রতিষ্ঠানের ৭২ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৯ জন পাস করেছে। পাশের হার ৯৫ দশমিক ৮৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৪ জন।
চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে শ্রীনগরের বেগম ফাতেমা আরশেদ আলী উচ্চবিদ্যালয় এবং পশ্চিম বালাশুর বিসমিল্লাহ উচ্চবিদ্যালয়। উভয় প্রতিষ্ঠানের পাশের হার ৯৩ দশমিক ৭৫ শতাংশ।
ষষ্ঠ অবস্থানে থাকা লৌহজংয়ের হলদিয়া উচ্চবিদ্যালয়ের পাশের হার ৯৩ দশমিক ৫৫ শতাংশ।
এরপর সদর উপজেলার চরবানিয়াল আদর্শ উচ্চবিদ্যালয় ৯২ দশমিক ৮৬ শতাংশ, টংগিবাড়ীর বেতকা ইউনিয়ন উচ্চবিদ্যালয় ৯২ দশমিক ৫৯ শতাংশ এবং শ্রীনগরের মাজিদপুর দয়হাটা কাতিলা উদ্দিন চৌধুরী ইনস্টিটিউশন ৯১ দশমিক ৬৭ শতাংশ পাশের হার নিয়ে তালিকায় রয়েছে।
শীর্ষ ২০-এর তালিকায় সর্বশেষ, অর্থাৎ ২০তম অবস্থানে রয়েছে টংগিবাড়ী স্বর্ণগ্রাম আর এন উচ্চবিদ্যালয়। প্রতিষ্ঠানটির পাশের হার ৮৬ দশমিক ৬৭ শতাংশ।









