টংগিবাড়ী উপজেলায় এসএসসিতে সেরা বেতকা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়
মুন্সিগঞ্জ, ১০ আগস্ট ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে সাফল্যের শীর্ষে রয়েছে বেতকা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, উপজেলার তালিকাভুক্ত ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বেতকা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় সর্বোচ্চ ৯২ দশমিক ৫৯ শতাংশ পাসের হার অর্জন করেছে।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, বেতকা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় মোট ৫৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৫০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে এবং ৪ জন অকৃতকার্য হয়েছে। ফলে বিদ্যালয়টির পাসের হার দাঁড়িয়েছে ৯২.৫৯ শতাংশ। এছাড়া বিদ্যালয়টি থেকে ৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, টংগিবাড়ী কর্তৃক প্রকাশিত ফলাফলের তালিকায় দেখা যায়, দ্বিতীয় অবস্থানে থাকা প্রতিষ্ঠানের পাসের হারও বেতকা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। ফলে সামগ্রিক পাসের হারে বিদ্যালয়টি উপজেলার মধ্যে সেরা অবস্থান অর্জন করেছে।
এদিকে উপজেলার ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানে মোট ১ হাজার ৫২৬ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১ হাজার ৮৩ জন উত্তীর্ণ এবং ৪৪৩ জন অনুত্তীর্ণ হয়েছে। উপজেলার সামগ্রিক পাসের হার ৭০.৯৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মোট ৩২ জন শিক্ষার্থী।
বেতকা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এমন সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।









