পঞ্চসার আইডিয়েল: শিক্ষার্থীদের ট্রাকে তুলে নাচ, ‘নেতিবাচক দৃষ্টান্ত’ বলছেন শিক্ষার্থী-অভিভাবকেরা
8

মুন্সিগঞ্জ, ১০ আগস্ট ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে মুন্সিগঞ্জ জেলায় পাশের হারের দিক থেকে সেরা হয়েছে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের পঞ্চসার আইডিয়েল ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটির শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। ফল প্রকাশের পর এই সাফল্য উদ্‌যাপনে শিক্ষার্থীদের নিয়ে ট্রাকে করে শহর ঘোরানোর আয়োজন করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। ট্রাকে শিক্ষার্থীদের নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়েছে।

সোমবার (১০ আগস্ট) এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর পঞ্চসার আইডিয়েল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সাফল্য উদ্‌যাপনে একটি ট্রাকে ওঠে। পরে ট্রাকটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীদের উল্লাস ও নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকেই বিষয়টিকে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী নিয়ে উদ্‌যাপনের অনুপযুক্ত ধরন হিসেবে মন্তব্য করেছেন। শিক্ষার্থী ও অভিভাবকদের কেউ কেউ এটিকে ‘নেতিবাচক দৃষ্টান্ত’ হিসেবেও উল্লেখ করেছেন। তাঁদের মতে, পরীক্ষায় ভালো ফলের আনন্দ উদ্‌যাপন করা স্বাভাবিক হলেও শিক্ষার্থীদের ট্রাকে তুলে সড়কে নাচানাচির আয়োজন নিরাপদ ও শিক্ষাপ্রতিষ্ঠানের উপযোগী নয়।

একজন অভিভাবক বলেন, ‘শিক্ষার্থীদের ভালো ফলের আনন্দে সবাই খুশি। কিন্তু আনন্দ প্রকাশেরও একটা শালীন ও নিরাপদ পদ্ধতি থাকা উচিত। ট্রাকে শিক্ষার্থীদের তুলে শহর ঘোরানো এবং চলন্ত অবস্থায় নাচের আয়োজন অন্যদের জন্যও ভুল বার্তা দিতে পারে।’

আরেক শিক্ষার্থী বলেন, ‘ভালো ফলের জন্য শিক্ষার্থীদের অভিনন্দন জানানো উচিত। তবে এমন আয়োজন শিক্ষার্থীদের জন্য নিরাপদ কি না, সেটিও কর্তৃপক্ষকে বিবেচনা করা দরকার।’

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার পাশাপাশি কেউ কেউ শিক্ষার্থীদের সাফল্য উদ্‌যাপনের বিষয়টিকে ইতিবাচকভাবেও দেখেছেন। তাঁদের মতে, দীর্ঘদিনের পরিশ্রমের পর ফল প্রকাশের দিনে শিক্ষার্থীদের আনন্দ প্রকাশের সুযোগ থাকা উচিত।

ফলাফলে জেলার সেরা পঞ্চসার আইডিয়েল

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে পাশের হারের ভিত্তিতে মুন্সিগঞ্জ জেলার শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে পঞ্চসার আইডিয়েল ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটির ৪২ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। পাশের হার ১০০ শতাংশ। তাঁদের মধ্যে ১০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটির ২৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২৪৬ জন পাস করেছে। পাশের হার ৯৮ দশমিক ৮০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪১ জন।

তৃতীয় অবস্থানে রয়েছে লৌহজংয়ের ব্রাহ্মণগাঁও উচ্চবিদ্যালয়। এ প্রতিষ্ঠানের ৭২ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৯ জন পাস করেছে। পাশের হার ৯৫ দশমিক ৮৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে চারজন।

চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে শ্রীনগরের বেগম ফাতেমা আরশেদ আলী উচ্চবিদ্যালয় এবং পশ্চিম বালাশুর বিসমিল্লাহ উচ্চবিদ্যালয়। উভয় প্রতিষ্ঠানের পাশের হার ৯৩ দশমিক ৭৫ শতাংশ।

ষষ্ঠ অবস্থানে থাকা লৌহজংয়ের হলদিয়া উচ্চবিদ্যালয়ের পাশের হার ৯৩ দশমিক ৫৫ শতাংশ। এরপর সদর উপজেলার চরবানিয়াল আদর্শ উচ্চবিদ্যালয় ৯২ দশমিক ৮৬ শতাংশ, টংগিবাড়ীর বেতকা ইউনিয়ন উচ্চবিদ্যালয় ৯২ দশমিক ৫৯ শতাংশ এবং শ্রীনগরের মাজিদপুর দয়হাটা কাতিলা উদ্দিন চৌধুরী ইনস্টিটিউশন ৯১ দশমিক ৬৭ শতাংশ পাশের হার নিয়ে তালিকায় রয়েছে।

শীর্ষ ২০-এর তালিকায় সর্বশেষ, অর্থাৎ ২০তম অবস্থানে রয়েছে টংগিবাড়ীর স্বর্ণগ্রাম আর এন উচ্চবিদ্যালয়। প্রতিষ্ঠানটির পাশের হার ৮৬ দশমিক ৬৭ শতাংশ।

জেলায় পাসের হার ৭১.৭৫ শতাংশ

প্রাপ্ত ফলাফলের তথ্য অনুযায়ী, মুন্সিগঞ্জের ছয় উপজেলায় এবার মোট ১২ হাজার ৭৪০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাঁদের মধ্যে পাস করেছে ৯ হাজার ১৪১ জন। জেলায় মোট পাশের হার ৭১ দশমিক ৭৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩৫৫ জন।

তবে পাশের হারের ভিত্তিতে প্রকাশিত জেলার শীর্ষ ২০ শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় জায়গা পায়নি জেলার পুরোনো ও ঐতিহ্যবাহী দুই শিক্ষাপ্রতিষ্ঠান আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্রমোহন গভর্নমেন্ট গার্লস হাই স্কুল (এভিজেএম) এবং কাজী কমর উদ্দিন সরকারি ইন্সটিটিউট (কে.কে)।

ফলাফলে সাফল্যের দিনে পঞ্চসার আইডিয়েল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের আনন্দ উদ্‌যাপন এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার বিষয় হয়ে উঠেছে। ভালো ফলের আনন্দ উদ্‌যাপনের পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বশীল ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকেই।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ