আসুন ব্যক্তিগত উদ্যোগে সবাই ৫টি করে গাছ লাগাই: এমপি কামরুজ্জামান রতন
মুন্সিগঞ্জ, ৫ জুন ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মুন্সিগঞ্জের গজারিয়ায় র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে নদী, খাল ও পরিবেশ রক্ষা কমিটি।
“নদী বাঁচলে বাঁচবে দেশ, নদীমাতৃক বাংলাদেশ” স্লোগানে আয়োজিত এ কর্মসূচিতে পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
শুক্রবার সকাল ১১টায় উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ডের মোহাম্মদ আলী প্লাজা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র্যালির নেতৃত্ব দেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন।
নদী, খাল ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি সাহাদাত পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রফেসর গিয়াসউদ্দিন, এম. ইসহাক আলী, তপন চৌধুরী, হাসান জাহাঙ্গীর, নুরুল আমিন সরকার, আজিজুল হক পার্থ, আক্তারুজ্জামান শিকদার, আলমগীর হোসেন মিয়া, জাহাঙ্গীর শিকদারসহ স্থানীয় দুই শতাধিক পরিবেশকর্মী, গণমাধ্যমকর্মী ও সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ মাসুম খান।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন বলেন, পরিবেশ সুরক্ষার প্রশ্নে আমরা দল-মতের ঊর্ধ্বে। পরিবেশ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আসুন, আমরা প্রত্যেকে ব্যক্তিগত উদ্যোগে অন্তত পাঁচটি করে গাছ রোপণ করি—এটাই হোক আমাদের অঙ্গীকার।
আয়োজকরা জানান, পরিবেশ ও নদী রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। স্থানীয়দের অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচি গজারিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে।









