মুন্সিগঞ্জে বিশ্বকাপের উন্মাদনায় ব্যস্ত দর্জিরা, দিন-রাত চলছে পতাকা তৈরির কাজ
মুন্সিগঞ্জ, ৫ জুন ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
কাপড়ের ওপর লাল-সবুজ, নীল-সাদা কিংবা হলুদ-সবুজ রঙের ছোঁয়া। কোথাও কাপড় মাপা হচ্ছে, কোথাও কাঁচির খচখচ শব্দে কাটা হচ্ছে রঙিন কাপড়। আবার কোথাও সেলাই মেশিনের অবিরাম শব্দে তৈরি হচ্ছে একের পর এক পতাকা।
বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা মাঠে গড়ানোর আগেই মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকার দর্জিদের কর্মশালায় শুরু হয়েছে ব্যস্ততার মৌসুম। প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে ফুটবলপ্রেমীদের চাহিদা মেটাতে দিন-রাত কাজ করছেন তারা।
সরেজমিনে কয়েকটি দর্জি দোকান ও পতাকা তৈরির কর্মশালায় গিয়ে দেখা যায়, কেউ কাপড় কাটছেন, কেউ সেলাই করছেন, আবার কেউ পতাকার ডিজাইন ও ফিনিশিংয়ের কাজে ব্যস্ত। বাংলাদেশ, ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল, জার্মানি, স্পেনসহ বিভিন্ন দেশের পতাকা সারিবদ্ধভাবে তৈরি হচ্ছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে এই কর্মযজ্ঞ।
দর্জি ও কারিগর শাকিল তালুকদার বলেন, গত কয়েকদিন ধরে প্রায় রাত জেগে কাজ করছি। বড় আকারের ছাদ পতাকার পাশাপাশি মোটরসাইকেল, দোকান ও বাসাবাড়ির জন্য ছোট পতাকারও প্রচুর অর্ডার রয়েছে। সময়মতো সরবরাহ দিতে সবাই মিলে কাজ করছি। পতাকার আকার, কাপড়ের মান ও ডিজাইনের ওপর ভিত্তি করে ৫০ টাকা থেকে শুরু করে কয়েক হাজার টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে। বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে ক্রেতাদের ভিড় ও অর্ডারের সংখ্যা।
ফুটবলপ্রেমীদের কাছে একটি পতাকা শুধু কাপড়ের টুকরো নয়, বরং প্রিয় দলের প্রতি আবেগ ও ভালোবাসার প্রতীক। আর সেই আবেগের রঙ ছড়িয়ে দিতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন দর্জিরা। বিশ্বকাপের বাঁশি বাজার আগেই তাদের কর্মশালাগুলো পরিণত হয়েছে রঙিন স্বপ্ন তৈরির কারখানায়।









