মুন্সিগঞ্জের গোয়ালিমান্দ্রায় মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ১২
১৭

মুন্সিগঞ্জ, ৪ নভেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার আলোচিত গোয়ালিমান্দ্রায় মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অপর একজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) রাত ৩টার দিকে উপজেলার গোয়ালিমান্দ্রা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সার্বিক দিকনির্দেশনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুকের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

এতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের দল, এসআরবি-১০ (সিপিসি-০২, শ্রীনগর) এবং জেলা আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন।

অভিযানে ঘটনাস্থল থেকে ১২ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে ১১ জন মাদকসেবীকে ১ থেকে ৬ মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ১০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত অর্থদণ্ড দেওয়া হয়।

অন্যদিকে, অপর এক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লৌহজং থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে ৩০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

মামলার বাদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. মাসুদুর রহমান।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ