অবশেষে মুন্সিগঞ্জে পাওয়া গেল গাজীপুরে ৫ খুনে অভিযুক্ত ফোরকানের লাশ?
মুন্সিগঞ্জ, ১৬ মে ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার ঘোড়দৌড় বাজার সংলগ্ন পদ্মা নদী থেকে অজ্ঞাত এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি গাজীপুরে ৫ খুনের ঘটনায় অভিযুক্ত ফোরকানের।
মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইলিয়াস জানান, শনিবার দুপুর ৩টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
পরে গাজীপুরের কাপাসিয়ায় খবর পাঠানো হলে মামলার বাদী, নিহতের পরিবারের সদস্য ও মামলার তদন্ত কর্মকর্তা মরদেহটি ফোরকানের বলে ধারণা করেন।
তবে পুরোপুরি পরিচয় নিশ্চিতে ফিঙ্গারপ্রিন্ট অথবা লাশ অর্ধগলিত থাকায় সেটি না করা গেলে ডিএনএ পরীক্ষায় নিশ্চিত করা হবে বলে জানান তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে, হত্যাকাণ্ডের ঘটনার পরদিন অর্থাৎ ৯ মে (শনিবার) ভোর সাড়ে ৬টার দিকে পদ্মা সেতুর জাজিরা লেনে ১৫ নং পিলারের মাঝামাঝি জায়গায় এক ব্যক্তিকে ছাই রংয়ের একটি প্রাইভেটকার থেকে নামতে দেখা যায়। পরে ওই ব্যক্তি মুন্সিগঞ্জের দিকে পদ্মা নদীতে ঝাপ দেন।
সেতুতে থাকা সিসিটিভি ফুটেজে এ দৃশ্য দেখা যায়। সেতু কতৃপক্ষের একাধিক সূত্র এ তথ্য জানায়।
মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইলিয়াস জানান, গত মঙ্গলবার (১২ মে) বিকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পদ্মা নদীর মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কলমা এলাকা থেকে আনুমানিক ২৫-৩০ বছর বয়সী আরও এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।





