মুন্সিগঞ্জে সেফটি ট্যাংক বিস্ফোরণে স্কুলছাত্র নিহত
মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নে নবী রাইস মিলের বয়লারের সেফটি ট্যাংক বিস্ফোরণে মো. রাব্বি (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।
আহত হয়েছে স্কুলছাত্রের বাবা-মা। আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে ফাড়িং বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের মামাতো ভাই শামীম আহম্মেদ জানান, সন্ধ্যা ৭টার দিকে রাব্বি পড়তে বসে। এই সময় বয়লার বিস্ফোরণের ধ্বংসাবশেষ বাড়ির ওপর পড়ে। এর নিচে চাপা পড়ে রাব্বি মারা যায়। এই ঘটনায় আশপাশের কয়েকটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরো জানান, রাব্বি বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ত। তাঁর বাবার নাম আবু কাশেম।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী জানান, আজ সন্ধ্যা ৭টার দিকে নবী রাইস মিলের বয়লারের সেফটি ট্যাংক বিস্ফোরিত হয়। এতে রাব্বি নিহত হয় এবং তার বাবা ও মা আহত হন। রাইস মিলের মালিক ইমরান পলাতক। মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।









