মুন্সিগঞ্জে প্রবাসী স্বামীর স্বর্ণ-টাকা নিয়ে পরকীয়া প্রেমিকের সাথে উধাও গৃহবধূ
মুন্সিগঞ্জ, ১৭ নভেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়ায় দুই বছরের শিশুসন্তান, স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে এক দুবাইপ্রবাসীর স্ত্রী বাড়ি ছেড়ে চলে গেছেন বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় প্রবাসীর পরিবার এবং স্বর্ণালংকার হারানো এক নারী গজারিয়া থানায় পৃথক অভিযোগ দায়ের করেছেন।
উপজেলার বাউশিয়া ইউনিয়নের বক্তারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে বক্তারকান্দি গ্রামের বাসিন্দা দুবাইপ্রবাসী ইউসুফের সঙ্গে পারিবারিকভাবে আখির বিয়ে হয়। তাঁদের দাম্পত্য জীবনে একটি মেয়ে ও একটি ছেলে সন্তান রয়েছে। সম্প্রতি দুই বছর বয়সী ছেলে আনাসকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে চলে যান আখি।
অভিযোগে বলা হয়েছে, বাড়ি ছাড়ার সময় তিনি ঘর থেকে পাঁচ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা নিয়ে গেছেন।
ইউসুফের পরিবারের দাবি, মোহাম্মদ অপু (২২) নামে এক যুবকের সঙ্গে আখির সম্পর্ক গড়ে উঠেছিল। ওই যুবকের সঙ্গে তিনি বাড়ি ছেড়েছেন বলে তাঁদের অভিযোগ।
এ বিষয়ে প্রবাসী ইউসুফ, তাঁর ভাই জসিম ও মিয়া বলেন, ‘আমরা আমাদের দুই বছরের অবুঝ শিশু আনাসকে সুস্থভাবে ফিরে পেতে চাই। পাশাপাশি বাড়ি থেকে নিয়ে যাওয়া পাঁচ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা ফেরত দেওয়ার দাবি জানাচ্ছি।’
এদিকে আখির বিরুদ্ধে স্বর্ণের চেন নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন সুমি আক্তার নামে এক নারী। গজারিয়া থানায় দায়ের করা অভিযোগে তিনি উল্লেখ করেন, আখি তাঁর জ্যাঠাতো ভাইয়ের স্ত্রী। একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা বলে আখি তাঁর কাছ থেকে একটি স্বর্ণের চেন ধার নেন। সরল বিশ্বাসে চেনটি দিলেও পরে তা ফেরত না দিয়ে আখি বাড়ি ছেড়ে চলে গেছেন বলে অভিযোগ সুমির।
অভিযুক্ত আখি ও মোহাম্মদ অপুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
গজারিয়া থানা পুলিশ জানিয়েছে, অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।









