‘এমপির হাত শক্তিশালী’ করতে বলা মুন্সিগঞ্জের সেই ওসি বদলি
৭১

মুন্সিগঞ্জ, ২০ নভেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়ায় স্থানীয় সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতনের উপস্থিতিতে একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তার হাত শক্তিশালী করার অনুরোধ করেন গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকীব আকরাম হোসেন।

পরে এ সংক্রান্ত ভিডিও আমার বিক্রমপুরে প্রকাশিত হয়।

গজারিয়া থানার সেই ওসি নকীব আকরাম হোসেনকে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়ে নতুন ওসি হিসেবে যোগ দিয়েছেন কায়সার আহমেদ।

গত ১৯ অক্টোবর গজারিয়া উপজেলার ভবেরচর দক্ষিণপাড়া এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সংসদ সদস্য কামরুজ্জামান রতনের উপস্থিতিতে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নকীব আকরাম হোসেন এ মন্তব্য করেন।

গত ১৮ নভেম্বর গজারিয়া থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কায়সার আহমেদ। এর মধ্য দিয়ে নকীব আকরাম হোসেনের দায়িত্বের অবসান হয়।

নকীব আকরাম হোসেনের ওই বক্তব্য নিয়ে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছিল। বিশেষ করে একজন পুলিশ কর্মকর্তার মুখে সংসদ সদস্যের হাত শক্তিশালী করার বক্তব্য আসায় পুলিশের নিরপেক্ষতা ও পেশাগত ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।

থানা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের শুরু থেকে ৫ আগস্ট-পরবর্তী প্রশাসনিক রদবদলের আগ পর্যন্ত গজারিয়া থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন মো. রাজিব খান। এরপর ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর ওসি হিসেবে যোগ দেন মাহবুবুর রহমান। তিনি ওই বছরের ১৭ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন।

পরবর্তী সময়ে ৩১ ডিসেম্বর থানার দায়িত্ব নেন আনোয়ার আলম আজাদ। তাঁকে ২০২৫ সালের ৭ ডিসেম্বর বদলি করা হয়। পরদিন ৮ ডিসেম্বর নতুন ওসি হিসেবে যোগ দেন হাসান আলী।

কয়েক মাসের ব্যবধানে ২০২৬ সালের ১২ জুলাই হাসান আলীকেও বদলি করা হয়। একই বছরের ২ আগস্ট গজারিয়া থানার ওসি হিসেবে দায়িত্ব নেন নকীব আকরাম হোসেন। তাঁর বদলির পর গত ১৮ নভেম্বর নতুন ওসি হিসেবে যোগ দেন কায়সার আহমেদ।

এ নিয়ে গত দুই বছরে গজারিয়া থানায় পাঁচবার ওসি পরিবর্তন হলো।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ