মুন্সিগঞ্জে এনসিপি থেকে পদত্যাগ করলেন নারী নেত্রী
39

মুন্সিগঞ্জ, ১০ জুন ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুন্সিগঞ্জ জেলা সার্চ কমিটির যুগ্ম সমন্বয়কারী ফারজানা আক্তার দলটির প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ থেকে পদত্যাগ করেছেন। পারিবারিক ব্যস্ততা ও সাংগঠনিক কার্যক্রমে পর্যাপ্ত সময় দিতে না পারার কারণ দেখিয়ে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

মঙ্গলবার কেন্দ্রীয় কমিটির আহ্বায়কের কাছে পাঠানো এক পদত্যাগপত্রে তিনি বিষয়টি জানান।

পদত্যাগপত্রে ফারজানা আক্তার উল্লেখ করেন, ‘নাগরিক কমিটি ২০২৪’-এর শুরু থেকেই তিনি সম্পৃক্ত ছিলেন এবং গত ২৮ ফেব্রুয়ারি ২০২৫ সালে নবগঠিত এনসিপির মুন্সিগঞ্জ জেলা সার্চ কমিটিতে যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পান। দলের লক্ষ্য, আদর্শ ও নীতির প্রতি শ্রদ্ধাশীল হয়ে তিনি নিজস্ব অর্থায়নে বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে অংশ নেন।

তিনি জানান, জেলা সার্চ কমিটিতে থেকে আহ্বায়ক কমিটি গঠনের কাজ ছিল তাঁর প্রধান দায়িত্ব। সেই দায়িত্ব তিনি সম্পন্ন করেছেন এবং শিগগিরই নতুন আহ্বায়ক কমিটি গঠিত হতে যাচ্ছে।

পদত্যাগপত্রে তিনি আরও বলেন, পারিবারিক বিভিন্ন বাধ্যবাধকতার কারণে বর্তমানে তাঁর পক্ষে দলের জন্য পর্যাপ্ত সময় দেওয়া সম্ভব হচ্ছে না। পাশাপাশি একজন নারী হিসেবে সব জায়গায় সবসময় সশরীরে উপস্থিত থাকাও তাঁর জন্য কষ্টসাধ্য হয়ে পড়েছে। ফলে তাঁর সময় দিতে না পারার কারণে মুন্সিগঞ্জ সদরে দলের কার্যক্রমে কাঙ্ক্ষিত গতিশীলতা ব্যাহত হচ্ছে বলে তিনি মনে করেন।

এ অবস্থায় তিনি এনসিপির সব পর্যায়ের পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

পদত্যাগের বিষয়টি জানতে চাইলে ফারজানা আক্তার বলেন, আমি এনসিপিতে সময় দিতে পারছি না, তাই পদত্যাগ করছি। এনসিপির সঙ্গে আমার কোনো ঝামেলা হয়েছে, বিষয়টা এমন নয়। আমি কোন পদপদবীর জন্য চলে যাচ্ছি না আমি সময় দিতে পারছিনা এবং নারী হয়ে সব যায়গায় যেতে পারছিনা তাই চলে যাচ্ছি।

তিনি আরও বলেন, গত দুই বছরের রাজনৈতিক পথচলায় তাঁর কোনো কর্মকাণ্ড বা বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন। একই সঙ্গে তিনি দলের ভবিষ্যৎ সাফল্য ও উন্নতি কামনা করেন।

এদিকে, ফারজানা আক্তারের পদত্যাগের বিষয়ে জেলা বা কেন্দ্রীয় পর্যায়ের এনসিপির কোনো নেতার আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ