বিজ্ঞান অলিম্পিয়াডে ঢাকা বিভাগে প্রথম মুন্সিগঞ্জের রানা শফিউল্লাহ শিক্ষার্থী তারিফ
মুন্সিগঞ্জ, ১০ জুন ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড, ২০২৬-এ সিনিয়র গ্রুপে প্রথম স্থান অর্জন করেছেন মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার শিক্ষার্থী মুহাম্মদ শেখ আল তারিফ। তার এই অর্জনে শুভেচ্ছা জানিয়েছেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
আজ বুধবার ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে বিভাগীয় পর্যায়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উপলক্ষে আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এতে সিনিয়র গ্রুপে প্রথম স্থান অধিকার করেন টংগিবাড়ীর সেরাজাবাদ রানা শফিউল্লাহ কলেজের শিক্ষার্থী মুহাম্মদ শেখ আল তারিফ।
তার এ সাফল্যে পরিবার, শিক্ষক, সহপাঠীসহ মুন্সিগঞ্জবাসীর মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, আল তারিফের এই অর্জন জেলার শিক্ষার্থীদের জন্য বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী কর্মকাণ্ডে আরও উৎসাহ জোগাবে।
স্থানীয় শিক্ষাবিদরা বলেন, এ ধরনের অর্জন শুধু একজন শিক্ষার্থীর ব্যক্তিগত সাফল্য নয়, বরং সমগ্র জেলার জন্য গৌরবের বিষয়। বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে তরুণদের অংশগ্রহণ বাড়াতে এ সাফল্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে।
মুহাম্মদ শেখ আল তারিফের এই অসাধারণ অর্জনে মুন্সিগঞ্জবাসী গর্বিত। তার সাফল্য জেলার শিক্ষার্থীদের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।









