গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও জুলাই হত্যাকাণ্ডের আসামিদের জামিনের প্রতিবাদে মুন্সিগঞ্জে এনসিপির বিক্ষোভ
মুন্সিগঞ্জ, ৯ জুন ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং জুলাই আন্দোলন ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের আসামিদের জামিনের প্রতিবাদে মুন্সিগঞ্জের সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলা এনসিপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিরাজদিখান থানার সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আলী নেওয়াজের নেতৃত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন, জেলা যুগ্ম সমন্বয়কারী মারুফ হাসান মন্টি, উপজেলা যুগ্ম সমন্বয়কারী ইমরান হোসাইন, জেলা যুবশক্তির সদস্যসচিব জুয়েল শেখ, উপজেলা ছাত্রশক্তির আহ্বায়ক রিয়াজ মাহমুদ, সদস্যসচিব বি এম রাব্বি, সিনিয়র আহ্বায়ক মুন্না শেখ এবং সংগঠক সোহাগ মাঝী।
সমাবেশে বক্তারা গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের সমালোচনা করে তা প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে তারা জুলাই আন্দোলন-সংশ্লিষ্ট হত্যাকাণ্ডের আসামিদের জামিনে মুক্তির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি তোলেন।
বক্তারা বলেন, জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত ও বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তারা।
সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হয়।









