পরিবারের শাসন ভালো না লাগায় ৩ বান্ধবী চলে যান কক্সবাজার, উদ্ধার করলো মুন্সিগঞ্জ পুলিশ
মুন্সিগঞ্জ, ১৮ অক্টোবর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
টিকটক ও ফ্রি ফায়ারের সূত্রে পরিচয়, এরপর বন্ধুত্ব। সেই বন্ধুত্ব থেকেই একসঙ্গে বাড়ি ছাড়ে মুন্সিগঞ্জের শ্রীনগরের তিন কিশোরী। তাদের একজন মাদ্রাসায় এবং অন্য দুজন স্কুলে পড়ে।
পরিবারের অনুশাসন ও পারিবারিক কলহে অতিষ্ঠ হয়ে স্বাধীনভাবে জীবনযাপনের আশায় বাড়ি ছেড়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায় তারা। তবে তিন দিন পার হওয়ার আগেই তথ্যপ্রযুক্তির সহায়তায় কক্সবাজার থেকে তাদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেলা পুলিশ।
উদ্ধার হওয়া তিন কিশোরীর বাড়ি শ্রীনগর উপজেলার উত্তর বালাসুর এলাকায়। সকলেরই বয়স ১৬ বছর।
বাড়ি ছাড়ার সময় তারা বাবা-মায়ের কষ্টার্জিত জমানো টাকা সঙ্গে নিয়ে যায়। তাদের এই যাত্রায় সহায়তা করে রাঙামাটি জেলার কোতোয়ালি এলাকার ১৬ বছর বয়সী এক কিশোর। পরে চট্টগ্রাম হয়ে কক্সবাজারে পৌঁছে শহরের গ্র্যান্ড তাজ হোটেল অ্যান্ড রিসোর্টে ওঠে তারা।
গত ১৭ অক্টোবর মধ্যরাতে ওই হোটেলে অভিযান চালিয়ে তিন কিশোরীকে উদ্ধার করে পুলিশ। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, গত ১৪ অক্টোবর তিন কিশোরী নিখোঁজ হয়। পরদিন তাদের একজনের অভিভাবক থানায় অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর তাদের অবস্থান শনাক্তে কাজ শুরু করে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্তের পর কক্সবাজার থেকে তাদের উদ্ধার করা হয়।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে এ ঘটনায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মুন্সিগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বলেন, শিশু-কিশোরীদের প্রতি আরও সংবেদনশীল হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সন্তানদের সঙ্গে পারিবারিক সম্পর্ক, মানসিক অবস্থা ও তাদের সমস্যাগুলো গুরুত্ব দিয়ে বিবেচনার প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।
উদ্ধার হওয়া কিশোরীদের পারিবারিক পরিস্থিতি সম্পর্কে পুলিশ জানায়, বাবা-মায়ের অনুশাসন ও পারিবারিক কলহের কারণে তারা মানসিকভাবে অতিষ্ঠ হয়ে পড়েছিল। এ পরিস্থিতি থেকে বেরিয়ে স্বাধীনভাবে জীবনযাপনের আশায় তারা বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নেয়।









