মুন্সিগঞ্জে নদীতে বন্ধুদের সাথে গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
মুন্সিগঞ্জ, ১৮ অক্টোবর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মধ্য ভাটের চর এলাকায় ফুলদী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া মো. আবু বক্কর সিদ্দিকী রাফি (৭)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, গতকাল শনিবার (১৭ অক্টোবর) দুপুর ২টা ৪৮ মিনিটে গজারিয়া ফায়ার স্টেশনে সংবাদ আসে যে, উপজেলার মধ্য ভাটের চর এলাকায় ফুলদী নদীতে পাঁচ বন্ধু গোসল করতে নামে। এ সময় চারজন সাঁতরে নদী থেকে উঠে আসতে সক্ষম হলেও সাত বছর বয়সী শিশু মো. আবু বক্কর সিদ্দিকী রাফি নিখোঁজ হয়।
সংবাদ পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।
পরবর্তীতে মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের একটি ডুবুরি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করে।
আজ রোববার সকাল আনুমানিক ৫টা ৩০ মিনিটে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অভিযানের প্রস্তুতিকালে ফুলদী নদীতে শিশুটির মরদেহ ভেসে ওঠার খবর পাওয়া যায়। পরে স্থানীয় লোকজন মরদেহটি উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেন।
মৃত শিশু মো. আবু বক্কর সিদ্দিকী রাফির (৭) পিতার নাম খায়রুল ইসলাম। সে গজারিয়ায় একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে বসবাস করতো। তাঁদের স্থায়ী নিবাস নড়াইল জেলায়।









