যুদ্ধকালীন কমান্ডার মুন্সিগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ হোসেন বাবুল আর নেই
৪৬৩

মুন্সিগঞ্জ, ১৬ অক্টোবর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধকালীন এরিয়া কমান্ডার ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ হোসেন বাবুল আর নেই।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ১০টার দিকে ঢাকার গ্রিণরোড এলাকায় ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রাতেই মরদেহ নিয়ে আসার কথা রয়েছে মুন্সিগঞ্জ পৌরসভার জগধাত্রীপাড়া এলাকায় নিজ বাসভবনে।

বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন ৮০ বছর বয়সী এই মুক্তিযোদ্ধা।

মৃত্যুকালে তিনি দুই ছেলে রেখে গেছেন।

মোহাম্মদ হোসেন বাবুল ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে মুন্সিগঞ্জ মহকুমার প্রথম যুদ্ধ এলাকার এরিয়া কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বাধীন যুদ্ধ এলাকার আওতায় ছিল মুন্সিগঞ্জ সদর, গজারিয়া ও টঙ্গিবাড়ী। এ ছাড়া তিনি মুন্সিগঞ্জ সদর থানার কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেন।

মুক্তিযুদ্ধবিষয়ক বিভিন্ন প্রকাশিত তথ্যে তাঁর নেতৃত্বে মুন্সিগঞ্জে প্রতিরোধ গড়ে তোলা এবং পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে অংশগ্রহণের উল্লেখ রয়েছে। ১৯৭১ সালের ২৭ মার্চ মুন্সিগঞ্জ ট্রেজারি থেকে অস্ত্র সংগ্রহ এবং থানা দখলের অভিযানে নেতৃত্ব দেওয়া মুক্তিযোদ্ধাদের মধ্যেও তাঁর নাম রয়েছে।

মুক্তিযুদ্ধের পর তিনি স্থানীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি মুন্সিগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেন।

তাঁর মৃত্যুতে মুন্সিগঞ্জের মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে একজন পরিচিত ব্যক্তিত্বের জীবনাবসান হলো।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ