মুন্সিগঞ্জে ‘শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে’ যুবদল নেতা বহিস্কার
মুন্সিগঞ্জ, ৯ জুন ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
দলের নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সিফাতুল ইসলাম জনিকে দল থেকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী যুবদল।
গত ৭ জুন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি (দপ্তরের দায়িত্বে) নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে সিফাতুল ইসলাম জনির প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ স্থায়ীভাবে বাতিল করা হয়েছে।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত অনুমোদন ও কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, বহিষ্কৃত নেতার কোনো ধরনের কর্মকাণ্ডের দায়-দায়িত্ব জাতীয়তাবাদী যুবদল বহন করবে না। একই সঙ্গে দলের সব স্তরের নেতাকর্মীদের তাঁর সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বানও জানানো হয়েছে।
তবে কী ধরনের কর্মকাণ্ডের অভিযোগে তাঁকে বহিষ্কার করা হয়েছে, সে বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।









