২৬ বছর পর হাম নির্মূল দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র
২৬ বছর পর হাম নির্মূল দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র
১৭

কঠোর প্রচেষ্টা ও তৎপরতার মাধ্যমে ২০০০ সালে হাম নির্মূল দেশ হওয়ার যে গৌরব অর্জন করেছিল যুক্তরাষ্ট্র, চলতি ২০২৬ সালে সেই মর্যাদা হারিয়েছে দেশটি। আমেরিকা মহাদেশভিত্তিক স্বাস্থ্য সংস্থা প্যান অ্যামেরিকান হেলথ অর্গানাইজেশন পাহো মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি হাম নির্মূল দেশের মর্যাদা হারিয়েছে আমেরিকা মহাদেশভুক্ত আরও দুই দেশ বলিভিয়া এবং মেক্সিকো।

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে পাহোর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির পরিচালক জারবাস বারবোসা জানান, এটি একটি বড় ধরনের বিপর্যয়। তবে দেশগুলো প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনার জন্য ইতিমধ্যে পদক্ষেপ নিতে শুরু করেছে। বলিভিিয়া, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র টিকাদান কর্মসূচি জোরদার করা, নজরদারি বাড়ানো এবং প্রাদুর্ভাব মোকাবিলায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে বলে উল্লেখ করেন তিনি।

বারবোসা বলেন, হাম নির্মূল হওয়ার মর্যাদা হারানো কেবল একটি আনুষ্ঠানিক স্বাস্থ্যগত স্বীকৃতি খোয়ানোর ব্যাপার নয়; বরং এটি নির্দেশ করে যে ভাইরাসটি দীর্ঘ সময় ধরে ছড়িয়ে পড়েছে এবং এর ফলে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ প্রতিরোধযোগ্য অসুস্থতা, হাসপাতালে ভর্তি হওয়া ও মৃত্যুর ঝুঁকিতে পড়েছে। জনস হপকিন্স ইউনিভার্সিটি সেন্টার ফর হেলথ সিকিউরিটির সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. আমেশ আদালজা জানান, পাহোর এই ঘোষণা কেবল একটি দৃশ্যমান বাস্তবতাকে আনুষ্ঠানিক রূপ দিয়েছে এবং যুক্তরাষ্ট্র এখন আর হাম নিয়ন্ত্রণে সক্ষম নয়।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা সিডিসি জানিয়েছে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ১২ নভেম্বর পর্যন্ত ৫ হাজার ৪১২ জনের হামে আক্রান্ত হওয়া এবং ছয়জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে। অন্যদিকে বেসরকারি বিভিন্ন সংস্থার হিসেব অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে অত্যন্ত সংক্রামক এই ভাইরাসে মোট ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উল্লেখ্য, ২০২৫ সাল এবং চলতি ২০২৬ সালে যুক্তরাষ্ট্রে গত তিন দশকের মধ্যে সর্বোচ্চ সংখ্যক হামের প্রাদুর্ভাব ঘটেছে এবং সরকারি তথ্য অনুযায়ী এই সময়ে প্রায় ৭ হাজার ৭০০ জন মানুষ হামে আক্রান্ত হয়েছেন।

হামের প্রকোপ তীব্রভাবে বৃদ্ধির এই ঘটনাটি এমন সময়ে ঘটেছে, যখন টিকাদানের হার কমে যাচ্ছে এবং টিকার ব্যাপারে মানুষের মধ্যে দ্বিধা বাড়ছে। এই পরিস্থিতির মধ্যেই মার্কিন প্রশাসনের স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে রয়েছেন রবার্ট এফ. কেনেডি জুনিয়র, যিনি এর আগে কোনো বৈজ্ঞানিক প্রমাণ ছাড়াই টিকার নিরাপত্তা নিয়ে সংশয় ছড়িয়েছিলেন। তবে আগের অবস্থান থেকে সরে এসে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় কেনেডি জুনিয়র জানান, যুক্তরাষ্ট্র পুনরায় হাম নির্মূলের অবস্থানে ফিরে আসার জন্য কাজ করবে এবং নাগরিকদের টিকা নেওয়ার আহ্বান জানাচ্ছেন তিনি।

সিডিসির পরিচালক এরিকা শোয়ার্জ এক বিবৃতিতে জানান, মার্কিনিদের সুরক্ষা কেবল হাম নির্মূল তকমা দিয়ে আসে না, বরং টিকাদানের মাধ্যমেই তা নিশ্চিত হয়। নিজেদের ওয়েবসাইটে সিডিসি জানিয়েছে, মার্কিনিদের সুরক্ষায় হামের প্রাদুর্ভাব রোধ করতে সংস্থাটি প্রতিশ্রুতিবদ্ধ এবং যুক্তরাষ্ট্রকে পুনরায় হাম নির্মূলের অবস্থানে ফিরিয়ে আনতে পরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে। পাহো’র কর্মকর্তারা জানিয়েছেন, হাম নির্মূল রাষ্ট্রের মর্যাদা ফিরে পেতে যুক্তরাষ্ট্রের সামনে একটি পথই খোলা রয়েছে এবং তা হলো একটি সংশোধনমূলক কর্মপরিকল্পনা গ্রহণ করে পরবর্তী ১২ মাসে প্রমাণ করা যে দেশটিতে ভাইরাসের কোনো অস্তিত্ব নেই।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ