রাশিয়ায় গিয়ে এমবিবিএস করলেন মুন্সিগঞ্জের শফিকুল, মাদ্রাসার ইতিহাসে প্রথম
মুন্সিগঞ্জ, ২ জুলাই ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার একটি দাখিল মাদ্রাসার সাবেক শিক্ষার্থী মো. শফিকুল ইসলাম রাশিয়া থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন। খাসকান্দি ইসলামিয়া দাখিল মাদ্রাসার ইতিহাসে তিনিই প্রথম শিক্ষার্থী, যিনি চিকিৎসক হিসেবে প্রতিষ্ঠিত হলেন। তাঁর এ অর্জনে পরিবার, শিক্ষক, সহপাঠী ও স্থানীয়দের মধ্যে আনন্দের আবহ তৈরি হয়েছে।
শফিকুল ইসলাম উপজেলার বাসাইল ইউনিয়নের চরকুন্দুলিয়া গ্রামের বাসিন্দা। তিনি মো. কেরামত আলীর ছেলে। তাঁর শিক্ষাজীবনের শুরু খাসকান্দি ইসলামিয়া দাখিল মাদ্রাসায়। পরে ঢাকার ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাস করেন। চিকিৎসক হওয়ার লক্ষ্য নিয়ে উচ্চমাধ্যমিকের পর তিনি রাশিয়ায় যান। সেখানে ন্যাশনাল রিসার্চ মর্দোভিয়া স্টেট ইউনিভার্সিটিতে চিকিৎসাবিজ্ঞানে ভর্তি হন।
দীর্ঘ কয়েক বছরের অধ্যয়ন শেষে গত বুধবার (১ জুলাই) রাশিয়ার স্থানীয় সময় বিকেল চারটায় তিনি সফলভাবে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।
খাসকান্দি ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক মুহাম্মদ আমির হোসাইন বলেন, ‘ডা. মো. শফিকুল ইসলাম আমাদের প্রতিষ্ঠানের গর্ব। তাঁর এ সাফল্য বর্তমান ও ভবিষ্যৎ শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উদ্বুদ্ধ করবে। আমরা তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।’
নিজের অনুভূতি জানিয়ে ডা. শফিকুল ইসলাম বলেন, ‘মহান আল্লাহর অশেষ রহমত এবং মা-বাবা, শিক্ষক, পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের দোয়া-ভালোবাসার কারণেই আজকের এই অর্জন সম্ভব হয়েছে। আমি একজন রোগীবান্ধব চিকিৎসক হিসেবে মানুষের সেবায় কাজ করতে চাই। পাশাপাশি নিউরোসার্জারিতে উচ্চতর শিক্ষা গ্রহণ করে দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার স্বপ্ন দেখি।’
স্থানীয়দের প্রত্যাশা, ডা. শফিকুল ইসলাম ভবিষ্যতে গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। একই সঙ্গে তাঁর এ সাফল্য নতুন প্রজন্মকে উচ্চশিক্ষা ও মানবসেবায় এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।









