মুন্সিগঞ্জ: এমপি’র বাড়ি চিনেননা বৃদ্ধ, দেখিয়ে দেয়ার কথা বলে টাকা-মোবাইল ছিনতাই করে যুবক
31

মুন্সিগঞ্জ, ৮ সেপ্টেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়ায় সংসদ সদস্য কামরুজ্জামান রতনের বাড়ি চিনিয়ে দেওয়ার কথা বলে এক বয়োজ্যেষ্ঠ নাগরিকের টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগে তানভীর হোসেন সাব্বির (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার ইমামপুর ইউনিয়নের ইমামপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তানভীর হোসেন সাব্বির ওই গ্রামের মো. জুলহাসের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৭ সেপ্টেম্বর) এক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি সংসদ সদস্য কামরুজ্জামান রতনের সঙ্গে দেখা করতে গজারিয়ায় আসেন। এলাকাটি তাঁর অপরিচিত হওয়ায় সংসদ সদস্যের বাড়ি খুঁজে পাচ্ছিলেন না তিনি। এ সময় সরল বিশ্বাসে স্থানীয় এক তরুণের কাছে বাড়িটি দেখিয়ে দেওয়ার জন্য সহযোগিতা চান।

অভিযোগ রয়েছে, সহযোগিতার আশ্বাস দিয়ে ওই তরুণ মুরব্বির কাছে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। অসহায় অবস্থায় পড়ে যান ওই বয়োজ্যেষ্ঠ ব্যক্তি।

ঘটনার একটি সিসিটিভি ভিডিও ক্লিপ পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটির শেষদিকে ওই মুরব্বির কান্নার শব্দ শোনা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা ও নিন্দার সৃষ্টি হয়।

ঘটনার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে অভিযুক্তকে শনাক্তে কাজ শুরু করে গজারিয়া থানা পুলিশ। দুই দিন ধরে তথ্য-প্রমাণ সংগ্রহের পর মঙ্গলবার অভিযান চালিয়ে তানভীর হোসেন সাব্বিরকে গ্রেপ্তার করা হয়।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নকীব আকরাম হোসেন এসব তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাটি আমাদের হৃদয়কেও নাড়া দেয়। গত দুই দিন তথ্য-প্রমাণ সংগ্রহ করে আজ অভিযুক্তকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ