মুন্সিগঞ্জে সপ্তাহের ব্যবধানে টমেটোর দাম বাড়ল কেজিতে ৬০ টাকা
৩২

মুন্সিগঞ্জ, ২২ নভেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের বাজারে হঠাৎ করেই বেড়েছে টমেটোর দাম। মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি টমেটোর দাম বেড়েছে ৫০ থেকে ৬০ টাকা। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।

নিত্যপ্রয়োজনীয় এই সবজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছেন তাঁরা।

আজ রোববার দুপুরে মুন্সিগঞ্জের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৭০ টাকা দরে। অথচ এক সপ্তাহ আগেও একই টমেটো বিক্রি হয়েছে ১০০ থেকে ১১০ টাকা কেজি দরে। কোনো কোনো দোকানে টমেটোর দাম আরও বেশি, কেজিপ্রতি ২০০ টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে বলে জানিয়েছেন ক্রেতারা।

বিক্রেতাদের দাবি, বাজারে টমেটোর সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। টানা বৃষ্টির কারণে টমেটো চাষ ব্যাহত হয়েছে। পাশাপাশি অনেক কৃষকের ক্ষেতের টমেটো নষ্ট হয়ে যাওয়ায় বাজারে সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে।

বাজারের সবজি বিক্রেতা মোহাম্মদ আবুল মোল্লা বলেন, ‘বর্তমানে বাজারে টমেটোর পরিমাণ কম, কিন্তু চাহিদা বেশি। বৃষ্টির কারণে টমেটো চাষ করা যাচ্ছে না। অনেক চাষির টমেটো নষ্ট হয়ে গেছে। এ কারণে বাজারে টমেটোর সংকট তৈরি হয়েছে এবং দাম বেড়েছে।’

ক্রেতা নাবিলা জাহান নিঝুম বলেন, ‘টমেটোর দাম এতটাই বেড়েছে যে সাধারণ মানুষের পক্ষে কেনা কঠিন হয়ে পড়েছে। এক সপ্তাহ আগেও প্রতি কেজি টমেটো ১০০ টাকা দিয়ে কিনেছি। এখন সেই টমেটো ১৬০ থেকে ১৭০ টাকা, আবার কোনো কোনো দোকানে ২০০ টাকা করেও বিক্রি হচ্ছে। ইচ্ছে থাকলেও এখন আর টমেটো কিনে খেতে পারছি না। আমরা চাই, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বাজার তদারকি করে এই সবজির দাম কমানোর ব্যবস্থা করুক।’

টমেটোর এমন মূল্যবৃদ্ধিতে সাধারণ ক্রেতাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

দ্রুত বাজারদর নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানো এবং অযৌক্তিক মূল্যবৃদ্ধি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ