পরিচয় লুকিয়ে এমপি রতনের ভুয়া এআই ভিডিও প্রচার, থানায় অভিযোগ
মুন্সিগঞ্জ, ২২ নভেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতনের ছবি ও ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সম্পাদনা করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ‘Munshiganj Districts Jcd’ নামের একটি ফেসবুক আইডির ব্যবহারকারীর বিরুদ্ধে মুন্সিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সদস্য আবু মোহাম্মদ রুইয়াম।
আজ শনিবার (২১ নভেম্বর) মুন্সিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর দেওয়া অভিযোগে তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
লিখিত অভিযোগে রুইয়াম উল্লেখ করেন, শনিবার সকাল ১১টা ২০ মিনিটের দিকে ফেসবুক স্ক্রল করার সময় ‘Munshiganj Districts Jcd’ নামের একটি আইডি থেকে সংসদ সদস্য কামরুজ্জামান রতনের ছবি ও ভিডিও এআই প্রযুক্তি ব্যবহার করে সম্পাদনার মাধ্যমে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানোর বিষয়টি তাঁর নজরে আসে।
অভিযোগে বলা হয়, ওই আইডি থেকে সংসদ সদস্যকে নিয়ে একাধিক অপপ্রচারমূলক ভিডিও প্রকাশ করা হয়েছে। এতে তাঁর সামাজিক ও রাজনৈতিক সম্মানহানি হচ্ছে বলে দাবি করেন অভিযোগকারী।
এ ঘটনায় সংশ্লিষ্ট ফেসবুক আইডি ব্যবহারকারী ব্যক্তি বা ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন তিনি।
অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট ফেসবুক আইডি ও ভিডিওর লিংকও সংযুক্ত করেছেন আবু মোহাম্মদ রুইয়াম।
মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তছলিম উদ্দিন বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ থানায় পেয়েছি। ঊর্ধ্বতনদের সাথে আলোচনা সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে









