পদ্মা সেতুর সামনে থেকে চোরাই মোটরসাইকেল উদ্ধার, একদিন পরই মালিককে ফিরিয়ে দিল পুলিশ
মুন্সিগঞ্জ, ৮ সেপ্টেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের পদ্মা এলাকায় ট্রাফিক চেকপোস্টে তল্লাশির সময় চোরাই একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের একদিন পর প্রয়োজনীয় কাগজপত্র যাচাই শেষে প্রকৃত মালিকের কাছে মোটরসাইকেলটি হস্তান্তর করা হয়েছে।
জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য নিশ্চিত করে জানান, গত সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে পদ্মা সেতু (উত্তর) থানার সামনে নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছিলেন পদ্মা থানা ট্রাফিকের ইনচার্জ পবিত্র কুমার বিশ্বাস। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সার্জেন্ট আল আমিন, কনস্টেবল শাখাওয়াত ও কনস্টেবল জনি খান।
চেকপোস্টে একটি লাল রঙের পালসার এনএস-১৬০ মোটরসাইকেলকে থামার সংকেত দিয়ে কাগজপত্র দেখতে চান পুলিশ সদস্যরা। মোটরসাইকেলটির নিবন্ধন নম্বর ছিল ঢাকা মেট্রো-ল-৪০-৯১৭৫।
পুলিশের সংকেত পেয়ে চালক মোটরসাইকেলটি থামিয়ে কাগজপত্র দেখানোর পরিবর্তে কৌশলে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশ মোটরসাইকেলটি হেফাজতে নিয়ে পদ্মা সেতু (উত্তর) থানায় জমা দেয় এবং সরকারি মালিকানা যাচাই শুরু করে।
যাচাইয়ের একপর্যায়ে মোটরসাইকেলের প্রকৃত মালিকের মোবাইল নম্বর সংগ্রহ করে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। তখন মালিক জানান, গত ৫ সেপ্টেম্বর ঢাকার ভাটারা থানাধীন ভাটারা কেন্দ্রীয় মসজিদ এলাকার নিজ বাসার নিচ থেকে মোটরসাইকেলটি চুরি হয়ে যায়। এ ঘটনায় তিনি ভাটারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।
পুলিশের সঙ্গে যোগাযোগের পর আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মোটরসাইকেলের মালিক মো. আলমগীর নবীন, প্রয়োজনীয় কাগজপত্র ও জিডির কপি নিয়ে পদ্মা সেতু উত্তর থানায় উপস্থিত হন।
পুলিশ জানায়, ভাটারা থানায় করা জিডিটির নম্বর ৮৭৩, তারিখ ৮ সেপ্টেম্বর ২০২৬। জিডির তদন্তকারী কর্মকর্তা ভাটারা থানার এসআই (নিঃ) জ্যোতির্ময় মণ্ডলও এ সময় সংশ্লিষ্ট কাগজপত্রসহ উপস্থিত ছিলেন।
কাগজপত্র যাচাই করে সঠিক পাওয়ার পর উদ্ধার করা মোটরসাইকেলটি ভাটারা থানার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।
পুলিশের দ্রুত তৎপরতায় চুরির মাত্র দুই দিনের মধ্যে মোটরসাইকেলটি উদ্ধার এবং প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার ঘটনায় সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।








