মুন্সিগঞ্জে বাসা থেকে ডেকে নিয়ে নির্যাতনে খুন, ২৯ জনের বিরুদ্ধে মামলায় গ্রেপ্তার ১
মুন্সিগঞ্জ, ১৭ অক্টোবর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নে বাসা থেকে ডেকে নিয়ে মুন্না মৃধা নামে এক ব্যক্তিকে মারধর ও নির্যাতনের পর হত্যার ঘটনায় ২৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় মামলার এজাহারনামীয় ৫ নম্বর আসামি কাইয়ুম ফরাজী ওরফে কর্নেলকে (৩৯) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে চরকেওয়ার ইউনিয়নের টরকি এলাকা থেকে মুন্সিগঞ্জ থানা ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বিত দল তাকে গ্রেপ্তার করে।
মামলার এজাহারে বলা হয়, গত ১৫ অক্টোবর রাত ১০টার দিকে কয়েকজন ব্যক্তি মুন্না মৃধাকে টরকি দক্ষিণ কান্দি গ্রামের নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তাকে মারধর করা হয়। পরদিন ১৬ অক্টোবর রাত ৩টার দিকে অসুস্থ অবস্থায় তাকে বাড়িতে ফিরিয়ে দিয়ে যায় তারা। পরিবারের সদস্যরা তাকে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সকাল ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মুন্না মৃধার স্ত্রী সালেহা বেগম বাদী হয়ে আজ শনিবার দুপুরে মুন্সিগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলায় এজাহারনামীয় ১৪ জনসহ অজ্ঞাতনামা আরও ১২ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।
গ্রেপ্তার কাইয়ুম ফরাজী টরকি উত্তর কান্দি এলাকার বাসিন্দা। তার বাবার নাম মতি ফরাজী এবং মায়ের নাম রহিমা বেগম।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. কামরান হাসান এসব তথ্য নিশ্চিত করে জানান, মুন্না মৃধা ও মামলার আসামিদের মধ্যে মাদক ব্যবসাসংক্রান্ত লেনদেনকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। সেই বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের বিস্তারিত রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।









