মুন্সিগঞ্জে কৃষকের সাথে ধানের ওজনে কারচুপি করায় ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
27

মুন্সিগঞ্জ, ৯ জুন ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ধান কেনার সময় ওজনে কারচুপির মাধ্যমে কৃষকদের ঠকানোর অভিযোগে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার বিকালে উপজেলার শেখরনগর বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনথিয়া হোসেন।

জরিমানাপ্রাপ্ত নুর আলম (৪০) শ্রীনগর উপজেলার লস্করপুর আলমপুর গ্রামের তমিজ উদ্দিন মোল্লার ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শেখরনগর বাজারে ধান কেনাবেচার সময় ওজনে অনিয়মের অভিযোগের ভিত্তিতে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।

অভিযানে দেখা যায়, ব্যবসায়ী নুর আলম কৃষকদের কাছ থেকে ধান কেনার সময় প্রতি মণ (৪০ কেজি) ধানের বিপরীতে অতিরিক্ত ৬ থেকে ৭ কেজি ধান নিচ্ছিলেন।

এভাবে ওজনে কারচুপির মাধ্যমে কৃষকদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৮ ধারায় তাঁকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনথিয়া হোসেন বলেন, ওজনে কারচুপির মাধ্যমে কৃষকদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত করা গুরুতর অপরাধ। কৃষকদের স্বার্থ সুরক্ষা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ