কালবৈশাখী ঝড়ে মুন্সিগঞ্জের গজারিয়া ও সিরাজদিখানে গাছ পড়ে যান চলাচল বিঘ্ন
মুন্সিগঞ্জ, ৯ জুন ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে মঙ্গলবার বিকেলে আকস্মিক কালবৈশাখী ঝড়ে বিভিন্ন স্থানে গাছ উপড়ে ও ডাল ভেঙে সড়কের ওপর পড়ে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছ অপসারণ করে যানবাহন চলাচল স্বাভাবিক করেন।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, বিকেল ৪টায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পাওয়া যায় যে, সিরাজদিখান উপজেলার সিরাজদিখান-নিমতলা সড়কের রশুনিয়া এলাকায় কালবৈশাখী ঝড়ে একটি গাছ মালবোঝাই অটোরিকশার ওপর পড়ে গেছে। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছটি অপসারণ করে সড়কে যান চলাচল স্বাভাবিক করে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অটোরিকশার চালক অল্পের জন্য প্রাণে রক্ষা পান।
এদিকে একই সময়ে গজারিয়া উপজেলার অংশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেও ঝড়ের কারণে গাছ উপড়ে ও ডাল ভেঙে সড়কের ওপর পড়ে। এতে কুমিল্লামুখী লেনে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। মহাসড়কে যাত্রী ও পণ্যবাহী দুই শতাধিক যানবাহন আটকা পড়ে।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার কাজ শুরু করেন। তাদের তৎপরতায় পরিস্থিতির উন্নতি হলেও সন্ধ্যা পর্যন্ত মহাসড়কে যানবাহন চলাচলে কিছুটা ধীরগতি দেখা যায়।
স্থানীয়রা জানান, হঠাৎ শুরু হওয়া ঝোড়ো হাওয়ার কারণে বিভিন্ন এলাকায় গাছের ডাল ভেঙে পড়ার ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।








