ইয়াবা সেবনের টাকা জোগাতে গাছের কলা- পুকুরের মাছ চুরি, মুন্সিগঞ্জ ডিবির হাতে ধরা যুবক
৮২০

মুন্সিগঞ্জ, ২৮ আগস্ট ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে ইয়াবাসহ স্বপন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি, তিনি এলাকায় কলা, পেঁপে ও মাছ চুরির সঙ্গে জড়িত এবং মাদক কেনার টাকা জোগাতে এসব চুরি করতেন।

আজ শুক্রবার দুপুর সাড়ে ২টার দিকে শ্রীনগর উপজেলার শিবরামপুর এলাকা থেকে তাঁকে আটটি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করা হয়। স্বপন শ্রীনগরের খাররা গ্রামের আব্দুল আজিজ ও মনোয়ারা বেগমের ছেলে।

জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, উপজেলার শিবরামপুর ও খাররা এলাকায় সম্প্রতি মাদক ও চুরির উপদ্রব বেড়ে যাওয়ার অভিযোগ পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে ডিবির একটি দল শুক্রবার দুপুরে শিবরামপুর এলাকায় অভিযান চালায়। এ সময় স্বপনকে আটটি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর স্বপনকে কলা চুরির বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি চুরির কথা স্বীকার করেন। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী শুক্রবার রাতে শিবরামপুর ও খাররা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন কলাবাগান থেকে চুরি করা পাঁচটি কলার ছড়া উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

ডিবি পুলিশ আরও জানায়, স্বপনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি শিবরামপুর ও খাররা এলাকার বিভিন্ন বাগান থেকে কলা ও পেঁপে এবং বিভিন্ন পুকুর থেকে মাছ চুরি করতেন।

অভিযানে নেতৃত্ব দেন মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ। তাঁর সঙ্গে ছিলেন এসআই মো. রেজাউল কাজী ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহাবুর রহমান।

গ্রেপ্তার স্বপনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পুলিশ সুপার।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ