হরগঙ্গার ছাত্রাবাসের সামনে পাথরবোঝাই ট্রাকে ৯শ ফেনসিডিল!
মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের পরিত্যক্ত ছাত্রাবাসের সামনে পাথর বোঝাই একটি ট্রাক থেকে সাড়ে ৯’শ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশ।
শনিবার (২৪ ডিসেম্বর) ভোরে এগুলো উদ্ধার করা হয়।
সদর থানার এসআই মো. ইমাম হোসেন জানান, ‘আজ ভোরে মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের পরিত্যক্ত ছাত্রবাসের সামনে ঢাকা মেট্রো-ট-১৩-০৮৬০ নম্বরের গাড়ির পাথর বোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয়। পরে ট্রাকটিতে তল্লাশি চালানো হলে পাথরের নিচে চাপা দেওয়া অবস্থায় চটের বস্তা থেকে সাড়ে ৯’শ বোতল ফেনসিডিল পাওয়া যায়। তবে ট্রাকটির সঙ্গে কাউকে আটক করা যায়নি। পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।’
সম্প্রতি ছাত্রাবাসকেন্দ্রীক মাদক ব্যাবসা নিয়ে অালোচনার ঝড় ওঠে। এরমধ্যেই পুলিশ এখান থেকে এই বিপুল মাদক উদ্ধার করতে সক্ষম হয়। এই ব্যাবসার নিয়ন্ত্রক মূলত কলেজের বহিরাগত একটি গ্রুপ। শহরের শীর্ষ রাজনীতিবিদদের সাথে এদের সখ্যতা রয়েছে।
মুন্সিগঞ্জ সদর থানার ওসি মো. ইউনুচ আলী জানান, এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ট্রাক ও জব্দকৃত ফেনসিডিল পুলিশের হেফাজতে রয়েছে।









