যেখানে খাবার তৈরি- সেখানেই টয়লেট: মুন্সিগঞ্জের নাজমা বেকারির কারখানায় অভিযানে ১ লাখ টাকা জরিমানা
মুন্সিগঞ্জ, ৩০ জুলাই ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, নিম্নমানের খাদ্য সংযোজন দ্রব্য ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের দায়ে মুন্সিগঞ্জ সদর উপজেলার নাজমা বেকারিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে জেলা প্রশাসন, মুন্সিগঞ্জ ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে সদর উপজেলার কাটাখালী এলাকায় অবস্থিত নাজমা বেকারির কারখানায় অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক।
অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. নূর-ই-আলম সোহাগ এবং পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
অভিযানকালে কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, নিম্নমানের খাদ্য সংযোজন দ্রব্য ব্যবহার, অপরিচ্ছন্ন উৎপাদন পরিবেশ, কীটপতঙ্গ দমনের ব্যবস্থা না থাকা, সব পণ্যের বাধ্যতামূলক নিবন্ধন না থাকা, খাদ্যপণ্য মেঝেতে রাখা, একই স্থানে খাদ্য উৎপাদন ও টয়লেটের অবস্থান, উৎপাদনস্থলে বিড়ালের বিচরণ এবং টয়লেটে হাত ধোয়ার সাবান না থাকার মতো একাধিক অনিয়ম পাওয়া যায়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ অভিযোগগুলো স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়।
পাশাপাশি প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে এসব অনিয়ম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সন্তোষজনক পরিবর্তন না হলে নিরাপদ খাদ্য আইন অনুযায়ী নিয়মিত মামলা করা হবে বলেও সতর্ক করা হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।









