মুন্সিগঞ্জ জজ কোর্টে নতুন জিপি তোতা মিয়া, পিপি সুমন সরদার
মুন্সিগঞ্জ, ৩০ জুলাই ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত এবং এর অধীনস্থ বিভিন্ন আদালতের জন্য ২৭ জন সরকারি আইনজীবীর নতুন প্যানেল ঘোষণা করেছে সরকার।
নতুন তালিকায় জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) হিসেবে অ্যাডভোকেট তোতা মিয়া এবং পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে অ্যাডভোকেট সুমন মিয়া সরদার নিয়োগ পেয়েছেন।
গত ২৮ জুলাই আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের (জিপি-পিপি শাখা) জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বে নিয়োগপ্রাপ্ত সকল সরকারি আইনজীবীর নিয়োগাদেশ বাতিল করে নতুন করে ২৭ জন আইনজীবীকে বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হয়েছে। তারা পুনরাদেশ না দেওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
নতুন নিয়োগের মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (স্পেশাল পিপি) হিসেবে অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসেন ঢালী এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর হিসেবে অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম নিয়োগ পেয়েছেন।
এছাড়া জেলা ও দায়রা জজ আদালত, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এবং বিভিন্ন অধীনস্থ ট্রাইব্যুনালের জন্য আরও ২৩ জন আইনজীবীকে সরকারি আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সরকারের এ নতুন প্যানেলের মাধ্যমে মুন্সিগঞ্জের বিচারিক কার্যক্রমে সরকারি পক্ষের মামলা পরিচালনায় নতুন নেতৃত্ব যুক্ত হলো বলে সংশ্লিষ্টরা মনে করছেন।









