মুন্সিগঞ্জে সাতার শেখানোর সময় ডুবতে যাওয়া নাতনিকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দাদির
মুন্সিগঞ্জ, ১২ মে ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে পানিতে ডুবতে যাওয়া নাতনিকে বাঁচাতে গিয়ে চাহেমন বেগম (৭৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার জৈনসার ইউনিয়নের চম্পকদি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত চাহেমন বেগম ওই গ্রামের মৃত খেজমত আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টার দিকে প্রতিদিনের মতো দুই নাতনিকে নিয়ে বাড়ির পাশের পুকুরে সাঁতার শেখাতে যান চাহেমন। সাঁতার শেখানোর একপর্যায়ে ৭ বছর বয়সী নাতনি জেরিন তার হাত থেকে ফসকে গভীর পানিতে তলিয়ে যেতে থাকে। নাতনিকে বাঁচাতে গিয়ে বৃদ্ধা দাদি নিজেও পানিতে ডুবে যান। এ সময় অন্য এক নাতনি পুকুর ঘাটে দাঁড়িয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে।
পরে স্থানীয়রা দাদি ও নাতনিকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চাহেমনকে মৃত ঘোষণা করেন। নাতনি জেরিনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বর্তমানে সে আশঙ্কামুক্ত ও সুস্থ রয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. জামসেদ ফরিদী জানান, হাসপাতালে আনার আগেই বৃদ্ধার মৃত্যু হয়েছে। শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।





