মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনা: আজ ছিল বিয়ে, ৪ দিন আইসিইউতে থাকার পর প্রাণ গেল যুবকের
47

মুন্সিগঞ্জ, ১৯ জুন ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার লাখাড়ন আনন্দবাজার গ্রামের দুবাই প্রবাসী জাফর মুন্সীর বিয়ের দিন ছিল আজ শুক্রবার (১৯ জুন)। কিন্তু বিয়ের আনুষ্ঠানিকতার বদলে এদিনই তার মরদেহ ফিরছে বাড়িতে। চার দিন ধরে আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে মারা গেছেন তিনি। এর আগে একই ঘটনায় গত ১৬ জুন জাফরের ছোট বোন খাদিজা আক্তার (১৫) মারা যান।

জানা যায়, সদর উপজেলার পানহাটা গ্রামের এক তরুণীর সঙ্গে পারিবারিকভাবে জাফরের বিয়ের দিন নির্ধারণ করা হয়েছিল। প্রায় দেড় মাস আগে তাদের বিয়ে রেজিস্ট্রি সম্পন্ন হলেও শুক্রবার কনের বাড়ি থেকে তাকে আনুষ্ঠানিকভাবে নিয়ে আসার কথা ছিল। এ উপলক্ষে দাওয়াতসহ সব প্রস্তুতিও শেষ করেছিল পরিবার।

বিয়ের প্রস্তুতির মধ্যে গত সোমবার (১৫ জুন) দুপুরে মোটরসাইকেলে করে বোন খাদিজা, বড় ভাইয়ের স্ত্রী ফারজানা আক্তার ও ছোট এক শিশুকে নিয়ে মুন্সিগঞ্জ সদরে মার্কেট করতে যাচ্ছিলেন জাফর। পথে সদর উপজেলার মদিনাবাজার এলাকায় একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে চারজনই গুরুতর আহত হন।

পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে মঙ্গলবার (১৬ জুন) রাত ১১টার দিকে ঢাকার শ্যামলী এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাফরের বোন খাদিজা।

এদিকে দুর্ঘটনায় গুরুতর আহত জাফরকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। চার দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শুক্রবার রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

নিহত জাফর আবুল খায়ের মুন্সীর ছেলে। তিনি দীর্ঘদিন দুবাই প্রবাসী ছিলেন। প্রায় এক বছর আগে দেশে ফিরে বিয়ে শেষে আবারও দুবাই যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

জাফরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচাতো বোন বৃষ্টি আক্তার।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ