বাজেটে অনেক পণ্যের কর কমানো হলেও বাজারে দাম কমেনি, তাহলে কারা সুবিধা পাচ্ছে?- জামায়াত আমীর
32

মুন্সিগঞ্জ, ১৯ জুন ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

রাষ্ট্রীয় ক্ষমতার পালাবদল হলেও দেশে চাঁদাবাজি বন্ধ হয়নি বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, যে রাজনৈতিক দল নিজেদের কর্মীদের সামাজিক অপরাধ থেকে নিয়ন্ত্রণ করতে পারে না, তাদের দেশ পরিচালনার অধিকার নিয়ে প্রশ্ন থেকে যায়।

আজ শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জ শহরের পুরাতন কাচারি এলাকায় জেলা জামায়াত আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, একসময় ঢাকার রাজপথে দোকানদারদের কাছ থেকে প্রকাশ্যে চাঁদা আদায়ের এমন চিত্র দেখা যেত না। কিন্তু বর্তমানে পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি, এখনো চাঁদাবাজি পুরোপুরি বন্ধ হয়নি।

তিনি বলেন, আমরা এ দেশের শাসক হতে চাই না, আমরা এ দেশের সেবক হতে চাই। রাষ্ট্রীয় দায়িত্ব পেলে মানুষের জন্য বড় পরিসরে কাজ করার সুযোগ তৈরি হয়।

বাজেট প্রসঙ্গে জামায়াত আমীর বলেন, অনেক পণ্যের ওপর কর কমানো হয়েছে। কিন্তু কর কমানোর পরও সাধারণ মানুষের জীবনে এর সুফল দেখা যাচ্ছে না। বাজারে পণ্যের দাম কমেনি। তাহলে এই সুবিধা আসলে কারা পাচ্ছে—এ প্রশ্ন থেকেই যায়।

তিনি অভিযোগ করেন, বাজারে সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষ সুফল পাচ্ছে না। এসব সিন্ডিকেটের সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততা রয়েছে বলেও দাবি করেন তিনি। রাজনৈতিক প্রশ্রয় ছাড়া কোনো সিন্ডিকেট দীর্ঘদিন টিকে থাকতে পারে না বলেও মন্তব্য করেন।

জামায়াত আমীর আরও বলেন, আমরা চাই ব্যবসায়ীরা টিকে থাকুক, সাধারণ মানুষও স্বস্তিতে থাকুক। কিন্তু বর্তমানে ব্যবসা কিছু সিন্ডিকেটের নিয়ন্ত্রণে চলে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ ব্যবসায়ী ও ভোক্তারা।

অনুষ্ঠানে জেলা ও বিভিন্ন উপজেলা জামায়াতের নেতাকর্মীসহ পাঁচ শতাধিক রুকন সদস্য উপস্থিত ছিলেন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ