মুন্সিগঞ্জে বাড়ির সামনে খেলার সময় অপহৃত শিশু কিশোরগঞ্জ থেকে উদ্ধার, অপহরণকারী পলাতক
1

মুন্সিগঞ্জ, ১৯ জুন ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়া থেকে অপহৃত পাঁচ বছর বয়সী এক শিশুকে কিশোরগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। তবে অভিযুক্ত অপহরণকারী পালিয়ে গেছে।

উদ্ধার হওয়া শিশুটির নাম হোসাইন ঢালী (৫)। সে গজারিয়া উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের বড় রায়পাড়া গ্রামের মো. হক মিয়া ঢালীর ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ১২টার দিকে বাড়ির সামনে ইউনিয়ন পরিষদ মাঠে খেলাধুলা করছিল হোসাইন। একপর্যায়ে তাকে খুঁজে পাওয়া না গেলে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পাশের একটি ডকইয়ার্ডের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, এক ব্যক্তি শিশুটিকে নিয়ে যাচ্ছেন। এরপর ফুটেজ ও স্থানীয়দের তথ্যের ভিত্তিতে অপহরণকারীকে শনাক্ত করা হয়।

শিশুটির মা বিউটি আক্তার বলেন, আমি সেদিন বাবার বাড়িতে ছিলাম। পরে জানতে পারি আমার ছেলে নিখোঁজ। সিসিটিভি ফুটেজ ও স্থানীয়দের কাছ থেকে জানতে পারি, আমার ছোট খালার স্বামী উজ্জ্বল আমার ছেলেকে নিয়ে গেছে।

অভিযোগ পাওয়ার পর গজারিয়া থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে। পরে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী এলাকায় অভিযান চালানো হয়।

শিশুটির চাচা মামুন জানান, রাত ১২টার দিকে শিশুটিকে উদ্ধার করা সম্ভব হলেও অভিযুক্ত উজ্জ্বল পুলিশের উপস্থিতি টের পেয়ে শিশুটিকে এক বন্ধুর কাছে রেখে পালিয়ে যায়। পরে ওই ব্যক্তির কাছ থেকে হোসাইনকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, অভিযোগ পাওয়ার পর থেকেই অপহরণকারীর অবস্থান ও গতিবিধি পর্যবেক্ষণ করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় শিশুটিকে অপহরণের প্রায় ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার করা সম্ভব হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ