মুন্সিগঞ্জে রাস্তার পাশে পড়েছিল নিখোঁজ নারীর মরদেহ
৩২৩

মুন্সিগঞ্জ, ৬ অক্টোবর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে নিখোঁজের একদিন পর শামসুন্নাহার (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের খিল্লাপাড়া গ্রামের বাড়ির পাশের রাস্তার খাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শামসুন্নাহার ওই গ্রামের লিয়াকত খানের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৫ অক্টোবর) দুপুরে সিরাজদিখান বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন শামসুন্নাহার। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। দীর্ঘ সময় বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে সন্ধ্যায় বিষয়টি পুলিশকে অবহিত করা হয়।

মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন বাড়ির পাশের রাস্তার খাদে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহতের ছেলে হাবিবুর রহমান বলেন, ‘সোমবার বিকেল থেকে মাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করি। সন্ধ্যায়ও তাকে না পেয়ে থানায় বিষয়টি জানাই। আমাদের সঙ্গে কারও কোনো বিরোধ বা শত্রুতা নেই। তবে মায়ের উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস ছিল।’

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এটি দুর্ঘটনা নাকি মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ওই নারী বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ