ইরানের সঙ্গে যুদ্ধে ব্যক্তিগত সায় ছিল না, ইঙ্গিত দিয়েছেন জে ডি ভ্যান্স
ইরানের সঙ্গে যুদ্ধে ব্যক্তিগত সায় ছিল না, ইঙ্গিত দিয়েছেন জে ডি ভ্যান্স
৮৪

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ইঙ্গিত দিয়েছেন যে ইরানের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ার ক্ষেত্রে ব্যক্তিগতভাবে তার সায় ছিল না। হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাকে প্রশ্ন করা হয়েছিল, তার হাতে ক্ষমতা থাকলে তিনি ইরানে অভিযান শুরুর নির্দেশ দিতেন কি না, যার সরাসরি উত্তর দেওয়া থেকে বিরত থাকেন তিনি।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভ্যান্স বলেন, ফেব্রুয়ারিতে ইরানে সামরিক অভিযান শুরুর সিদ্ধান্তটি ছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তার লক্ষ্য ও দায়িত্ব হলো মার্কিন প্রেসিডেন্টকে সমর্থন জোগানো। ট্রাম্পের পাশে দাঁড়িয়ে তিনি আরও উল্লেখ করেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টই হলেন চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারী।

দীর্ঘকাল ধরেই যুদ্ধের বিরোধিতা করে আসছেন ভ্যান্স এবং শান্তি আলোচনার ক্ষেত্রে ওয়াশিংটনের প্রধান প্রতিনিধি হিসেবে কাজ করেছেন তিনি। চলতি বছরের গ্রীষ্মকালে তিনি একটি অস্থায়ী যুদ্ধবিরতির মধ্যস্থতা করেছিলেন, যা স্বল্প সময়ের মধ্যেই ভেঙে যায়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তিনি তেহরানের কট্টরপন্থীদের কাছে ব্যক্তিগত বার্তা পাঠিয়ে আলোচনা পুনরায় শুরুর উদ্যোগ নিয়েছিলেন।

তবে ভ্যান্স তার নির্বাচনী প্রচার-পরবর্তী মূল্যায়ন প্রকাশের পরপরই ট্রাম্প সেই আলোচনা প্রক্রিয়া বন্ধ করে দেন এবং ভাইস প্রেসিডেন্টকে অভ্যন্তরীণ নীতিতে মনোযোগ দেওয়ার নির্দেশ দেন। এর আগে গত ৪ নভেম্বর মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির ভরাডুবির কারণ হিসেবে ইরান যুদ্ধকে সরাসরি দায়ী করেছিলেন ভ্যান্স। এক্সে দেওয়া পোস্টে তিনি প্রশ্ন তোলেন, এই যুদ্ধের স্বার্থে সিনেটের নিয়ন্ত্রণ হারানো সার্থক হয়েছে কি না।

শুক্রবারের সংবাদ সম্মেলনে জে ডি ভ্যান্সের মন্তব্যের পর প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ভাইস প্রেসিডেন্টের এই সিদ্ধান্তে তিনি অসন্তুষ্ট নন, তবে হামলাগুলো প্রয়োজনীয় ছিল এবং ভ্যান্স নিজেও একই সিদ্ধান্ত নিতেন—তা স্বীকার করা উচিত ছিল। ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন, ইরানের সঙ্গে নতুন কোনো চুক্তির প্রয়োজন নেই এবং সেই দিন অনেক আগেই শেষ হয়ে গেছে।

সংবাদ সম্মেলনে পুনরায় প্রশ্ন করা হলে ভ্যান্স সামরিক অভিযানের পক্ষে সরাসরি সমর্থন জানানো থেকে বিরত থাকেন। তবে তিনি স্বীকার করেন যে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা অত্যন্ত জরুরি। তার মতে, দেশটির হাতে পারমাণবিক অস্ত্র থাকলে তারা তা দরকষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে অথবা নিরপরাধ মানুষকে আক্রমণ করতে পারে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ