শ্রেষ্ঠ কারিগরি শিক্ষক গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুলের জেসমিন সুলতানা
মুন্সিগঞ্জ, ৬ অক্টোবর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রাষ্ট্রীয় পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন মুন্সিগঞ্জের গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক জেসমিন সুলতানা। তিনি প্রতিষ্ঠানটির শ্রেষ্ঠ কারিগরি শিক্ষক হিসেবে এই সম্মাননা অর্জন করেছেন।
বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে তিনি রাষ্ট্রীয় পুরস্কার ও সম্মাননা গ্রহণ করেন বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।
এই সম্মাননাকে শিক্ষকতা জীবনের অনন্য গর্ব, পরম আনন্দ ও স্মরণীয় মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন জেসমিন সুলতানা। তাঁকে সম্মাননায় ভূষিত করায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের প্রতি গভীর শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
এ ছাড়া তাঁর মনোনয়ন ও সুপারিশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবের প্রতিও কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানিয়েছেন জেসমিন সুলতানা।
জেসমিন সুলতানার এই অর্জনে গর্বিত ও আনন্দিত গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা। তাঁর এই স্বীকৃতি গজারিয়াবাসী, প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী এবং কারিগরি শিক্ষার সঙ্গে সংশ্লিষ্টদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
জেসমিন সুলতানার এই অর্জনে তাঁকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়রা।









