মুন্সিগঞ্জে মাদকবিরোধী র‍্যালি শেষে ৬ গাঁজা গাছ উদ্ধার করলো স্থানীয়রা
8

মুন্সিগঞ্জ, ২৯ আগস্ট ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক কর্মসূচি শেষে একটি পরিত্যক্ত স্থান থেকে একটি বড় ও পাঁচটি ছোট গাঁজাগাছ উদ্ধার করেছে পুলিশ। মাদকবিরোধী কর্মসূচির দিনেই গাঁজাগাছ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আজ শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের বক্তারকান্দি গ্রামে বক্তারকান্দি ও শান্তিনগর গ্রামের বাসিন্দাদের অংশগ্রহণে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে স্থানীয় বাসিন্দারা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন, বাউশিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক এবাদুল হক, ৯ নম্বর ওয়ার্ডের সদস্য সবুজ, ৭ নম্বর ওয়ার্ডের সদস্য নজরুল ইসলাম, সমাজসেবক শান্তি ও শহিদ মিয়াসহ স্থানীয় বাসিন্দারা।

র‍্যালির একপর্যায়ে স্থানীয় কয়েকজন বাসিন্দা বক্তারকান্দি গ্রামের একটি পরিত্যক্ত স্থানে মাদক সেবনের আস্তানা রয়েছে বলে জানান। পরে বাউশিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক এবাদুল হকসহ র‍্যালিতে অংশ নেওয়া স্থানীয়রা ওই স্থানটি পরিদর্শনে যান।

সেখানে মাদক সেবনের কিছু আলামত দেখতে পান তারা। একপর্যায়ে পরিত্যক্ত জায়গাটিতে একটি বড় আকারের তাজা গাঁজাগাছ দেখতে পাওয়া যায়। পরে আশপাশে খোঁজ চালিয়ে আরও পাঁচটি ছোট গাঁজাগাছ শনাক্ত করা হয়।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। এলাকাবাসীর দাবি, গাঁজাগাছগুলো কে বা কারা রোপণ করেছে এবং ওই স্থানে কারা মাদক সেবন করে, তা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

বাউশিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক এবাদুল হক বলেন, ‘মাদকবিরোধী র‍্যালির একপর্যায়ে কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, ওই স্থানে মাদকের একটি আস্তানা রয়েছে। সেখানে লোকজন বসে মাদক সেবন করে বলেও তারা জানান। পরে আমরা জায়গাটি পরিদর্শনে গিয়ে মাদক সেবনের কিছু নমুনা দেখতে পাই। এর পাশেই একটি তাজা গাঁজাগাছ পাওয়া যায়।’

তিনি আরও বলেন, ‘মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি এলাকায় মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা প্রয়োজন।’

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকীব আকরাম হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ পাঠিয়ে গাঁজাগাছগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ