মুন্সিগঞ্জে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে যুবককে গণপিটুনিতে হত্যা, সড়কে পড়েছিল হাত-পা বাঁধা মরদেহ
মুন্সিগঞ্জ, ২৫ জুন ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে শাহাদাত (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাহাদাত মত্তগ্রাম এলাকার শামছু শেখের ছেলে।
পুলিশ জানায়, সকাল ৮টার দিকে মত্তগ্রাম সড়কের ওপর থেকে এক যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়।
পরে স্থানীয়রা জানান, মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে ভোর রাতে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে শাহাদাতকে আটক করে রশি দিয়ে বেঁধে মারধর করা হয়। এতে সে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে সড়কের উপর লাশ ফেলে সরে যায় মারধরকারীরা।
শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নিহত শাহাদাতের বিরুদ্ধে থানায় চুরি সংক্রান্ত ৩টি মামলা ছিলো। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থার প্রস্তুতি চলছে। পাশাপাশি ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে।








