মুন্সিগঞ্জে নকল প্রসাধনী ও যৌন উত্তেজক ওষুধ বিক্রির দায়ে ১ লাখ টাকা জরিমানা
মুন্সিগঞ্জ, ২১ সেপ্টেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিএসটিআই অনুমোদনবিহীন, মেয়াদোত্তীর্ণ, নকল ও ভেজাল প্রসাধনী এবং যৌন উত্তেজক ওষুধ জব্দ করা হয়েছে। এ ঘটনায় মো. ইমদাদুল ইসলাম নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার শ্রীনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শ্রীনগরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজা হক তানিয়া ও মুন্সিগঞ্জের ঔষধ তত্ত্বাবধায়ক রোমেল মল্লিক। অভিযানে সহযোগিতা করে এসআরবি-১০।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অভিযানে বিএসটিআই অনুমোদনবিহীন, মেয়াদোত্তীর্ণ, নকল ও ভেজাল প্রসাধনী সামগ্রী এবং যৌন উত্তেজক ওষুধ উৎপাদন ও বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মো. ইমদাদুল ইসলামকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এ সময় বিপুল পরিমাণ নকল প্রসাধনী সামগ্রী ও যৌন উত্তেজক ওষুধ জব্দ করা হয়। পরে জব্দ করা এসব পণ্য ধ্বংস করা হয়।
অভিযান সংশ্লিষ্টরা জানান, মাদক, জালিয়াতি, ভেজাল ও নকল পণ্য, প্রসাধনী ও ওষুধসহ বিভিন্ন সামাজিক অপরাধ দমন ও প্রতিরোধে এসআরবির অভিযান অব্যাহত রয়েছে। জনস্বার্থে অবৈধ ও প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।









