মুন্সিগঞ্জে হয়ে গেল প্রথম জেলা গার্ল গাইডস ক্যাম্প, হয় নানা প্রশিক্ষণ
মুন্সিগঞ্জ, ২৬ সেপ্টেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে প্রথমবারের মতো তিন দিনব্যাপী জেলা গার্ল গাইডস ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পের মাধ্যমে কিশোরীদের নেতৃত্বের গুণাবলি, আত্মবিশ্বাস, দায়িত্ববোধ ও জীবনদক্ষতা বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, সততা ও সুনাগরিকসুলভ মনোভাব গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
আজ শনিবার প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেনশিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে মুন্সিগঞ্জ জেলা গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের আয়োজনে তিন দিনব্যাপী প্রথম জেলা গার্ল গাইডস ক্যাম্প-২০২৬-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ।
আয়োজকেরা জানান, মুন্সিগঞ্জ জেলা গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রথমবারের মতো এ ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে অংশগ্রহণকারী কিশোরীদের নেতৃত্বের গুণাবলি, আত্মবিশ্বাস ও দায়িত্ববোধ বিকাশের পাশাপাশি জীবনদক্ষতা অর্জন, চরিত্র গঠন ও শৃঙ্খলার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
এ ছাড়া সমাজসেবায় অংশগ্রহণ এবং জরুরি পরিস্থিতি ও প্রতিকূল পরিবেশ মোকাবিলায় শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকার বিষয়েও প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, গার্ল গাইডিং কিশোরীদের আত্মনির্ভরশীল, দায়িত্বশীল ও নেতৃত্বদানে সক্ষম হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা, দেশ ও সমাজের প্রতি দায়িত্ববোধ এবং সংকট মোকাবিলার সক্ষমতা বাড়াতে সহায়তা করবে।
ক্যাম্পে মুন্সিগঞ্জ জেলার ছয়টি উপজেলা থেকে দুই শতাধিক গার্ল গাইডস, গাইড শিক্ষক, জেলা কমিশনার এবং জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।
অনুষ্ঠানে ভবিষ্যতে জেলা ও উপজেলা পর্যায়ে গার্ল গাইডসের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি এ ধরনের প্রশিক্ষণ ও কর্মসূচি অব্যাহত রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।









