মুন্সিগঞ্জে নিখোঁজ মানসিক অসুস্থ শিশুর মরদেহ মিলল নদীতে
মুন্সিগঞ্জ, ৪ আগস্ট ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদর উপজেলার মহাকালি ইউনিয়নের ছোট মাকহাটি এলাকার ১১ বছর বয়সী মানসিক প্রতিবন্ধী শিশু মো. তাজের মরদেহ নিখোঁজ হওয়ার প্রায় একদিন পর নদী থেকে উদ্ধার করা হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, সোমবার (৩ আগস্ট) বিকেল ৫টার দিকে বাড়ি থেকে বের হয়ে যায় তাজ। এরপর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
তাজ মুন্সিগঞ্জ সদর উপজেলার মহাকালি ইউনিয়নের আলদি বাজারসংলগ্ন ছোট মাকহাটি এলাকার বাসিন্দা। তার বাবা লিটন ঢালী ও মা আখি আক্তার।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে মোল্লাকান্দি ইউনিয়নের চৈতার চর এলাকায় রজতরেখা নদীতে তার মরদেহ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা।
খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
পরিবারের সদস্যদের ধারণা, বাড়ির পাশের খালে গোসল করতে গিয়ে স্রোতে ভেসে গিয়ে শিশুটি নদীতে চলে যায়।
বাদ মাগরিব ছোট মাকহাটি জামে মসজিদ মাঠে তাজের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তাজের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ সময় নিখোঁজ থাকার পর তার মরদেহ উদ্ধারের ঘটনায় পরিবার ও স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।









